হোম > জাতীয়

গভীর সমুদ্রে মাছ আহরণে শ্রীলঙ্কার সহযোগিতা চায় ডিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার

গভীর সমুদ্রে মাছ আহরণ, পর্যটন, শিপিং প্রভৃতি খাতে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার উপর জোরারোপ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি ঢাকা চেম্বারে সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৩ কোটি ৪০ লাখ ডলার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিবছর প্রায় ৯ দশমিক ৫ শতাংশ হারে বাড়ছে। আর্থিক খাত, টেক্সটাইল, বিদ্যুৎ, নির্মাণ এবং ঔষধ শিল্প খাতে শ্রীলঙ্কার বেশকিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশে প্রায় ৪২ কোটি ৮৫ লাখ ডলারের বিনিয়োগ করেছে, এছাড়াও কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নির্মাণ শিল্প, স্বাস্থ্য সেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং এফএমসিজি প্রভৃতি খাতে আরো শ্রীলঙ্কার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

একইসঙ্গে গভীর সমুদ্রে মাছ আহরণ, পর্যটন, শিপিং প্রভৃতি খাতে শ্রীলংকার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার উপর জোরারোপ করেন তাসকীন আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তাবিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের বিষয়টি দু’দেশের সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি পাবে।

বৈঠককালে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি জানান, তার দেশের সিনথেটিক ফেব্রিক্স খাতের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী, সেই সাথে স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা এবং ঔষধ শিল্পে দু’দেশের উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের স্থানীয় পর্যটন খাতের উন্নয়নে শ্রীলংকার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর জন্য বাংলাদেশের উদ্যেক্তাদের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি আরো বলেন, শ্রীলঙ্কা ইতোমধ্যে বেশকয়েকটি দেশের সাথে পিটিএ স্বাক্ষর করেছে এবং দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের অধিকতর সম্প্রসারণে অতিদ্রুত পিটিএ স্বাক্ষরের কোন বিকল্প নেই।

ডিসিসিআই ‘ঊর্ধ্বতন’ সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং শ্রীলংকার দূতাবাসের কনস্যুলর (কমার্শিয়াল) শ্রীমালি জয়ারত্নে এ সময় উপস্থিত ছিলেন।

এমএস

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্তে রেকর্ড

শফিক রেহমান ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

রাষ্ট্রীয় কৌঁসুলি নিজেই নিরাপত্তার বাইরে

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি—প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

হাজারীবাগের আধুনিক পশু জবাইখানার কার্যক্রম শুরু