ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দেশে প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমনকি গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
ডেঙ্গুর টিকা আনার বিষয়ে কোনো পরিকল্পনা আছে কিনা সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীকে এমন প্রশ্ন করলে তিনি জানান, মৃত্যুঝুঁকি বিবেচনা করে টিকার বিষয়ে এখনো চিন্তা করা হয়নি।
সাখাওয়াত হোসেন বলেন, ‘এখনো চিন্তা করি নাই। দেয়ার ইজ এ রিস্ক অন দ্যাট। ভ্যাক্সিনে যাওয়াটা তো... একটা রোগী যদি কলাপস করে তাহলে তো জবাব দেয়া যাবে না। কাজেই আমরা দেখতেছি।’ টিকা বেশ ব্যয়সাধ্য বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আলাপ করতেছি, দেখেন আপনি যতই টিকা দেন, কতবার দিবেন, দুইবার লাগে। কস্টলি, সারা বাংলাদেশ খানা-খন্দে ভরা। আমাদেরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে মন দিতে হবে।’