হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে বিমানবন্দর থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, নরসিংদীর রায়পুর উপজেলার বাসিন্দা সুমন নামের এক ব্যক্তির করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উত্তরা অঞ্চলের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৯ আগস্ট সুমন নামের এক ব্যক্তি বিমানবন্দর থানায় মামলাটি করেন। মামলায় বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়।
মামলার এজাহারে বাদী বলেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। ২৮ আগস্ট তিনি বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরবর্তী সময়ে তিনি ও তার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে ওই দিন রাত ৮টার দিকে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত লোকের কাছ থেকে তা গ্রহণ করেন। স্বর্ণালংকার নিয়ে ভাড়া করা মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে নামেন। মাইক্রোবাস থেকে নামতেই আসামিরা তাদের ঘিরে ধরেন। তাদেরকে আওয়ামী লীগ, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের কাছে বোমা আছে উল্লেখ করে মারধর করে। একপর্যায়ে তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ সময় লোকজন জড়ো হওয়া শুরু হলে স্বর্ণালংকার নিয়ে তারা পালিয়ে যায়।