হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান এবং এভিয়েশন সিকিউরিটির সহযোগিতায় যাত্রীর নির্ধারিত ফ্লাইটে বোর্ডিং সম্পন্ন করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, শনিবার বেলা ১২টা ২০ মিনিটে ঢাকা থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের ফ্লাইট TG-322 এর একজন যাত্রী বিমানবন্দরের প্রয়োজনীয় চেক ইন এবং ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ডিপার্চার লাউঞ্জে অবস্থান করছিলেন। এসময় তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে সেটি বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আসে।
এ সময় বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের আন্তরিক প্রচেষ্টায় তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হয়। বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কক্ষে একজন চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের জটিলতায় ভোগা ওই সম্মানিত যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান শেষে উক্ত যাত্রী সুস্থ অনুভব করেন।
এরপর তাকে বিমানবন্দরে কর্তব্যরত এভিয়েশন সিকিউরিটির সদস্যবৃন্দের আন্তরিক সহযোগিতায় হুইল চেয়ারের মাধ্যমে নির্ধারিত বিমানে বোর্ডিং এর ব্যবস্থা করা হয়।
এ সময় বিমানবন্দর কর্তৃপক্ষের আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ওই যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।