দাড়ি নিয়ে কটাক্ষ করে বিশ্বাসের ওপর আঘাত হানা হয়েছে উল্লেখ করে সংসদে এর বিচার চেয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ‘দাড়ি কারও ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবির সুন্নাত। এটি নিয়ে কটাক্ষ করার এখতিয়ার এই সংসদে কেন, বাইরেও কাউকে দেওয়া হয়নি। আমি বিচার চাই।’
বৃহস্পতিবার বিকেল ৩টায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতে স্পিকারের উদ্দেশে মনিরুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, আপনাকে আবার এখানে ফেরত পেয়ে আলহামদুলিল্লাহ! আপনার জন্য অপেক্ষা করছিলাম এই পয়েন্ট অব অর্ডারটি উত্থাপন করার জন্য।’
এর আগে বাজেট বক্তব্যের কিছু অংশ এক্সপাঞ্জ করার প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত ১৪ তারিখে বাজেট বক্তব্যের প্রথম দিনে তার বক্তব্যের কিছু অংশ স্পিকারের আসন থেকে এক্সপাঞ্জ করা হয়েছিল। যার বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে, কোন শব্দটি অসংসদীয় হওয়ার কারণে তা বাদ দেওয়া হয়েছে—তা জানার অধিকার তার রয়েছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে তিনি ৩০২ ধারায় নোটিশ দিলেও কোনো উত্তর পাননি।
সংসদ সদস্য আরও বলেন, ‘আমার ধর্মবিশ্বাসে আঘাত করেছে, আমার ইজ্জতে আঘাত করেছে। আপনাকে ৩০২ ধারায় নোটিশ দিয়েছিলাম জানার জন্য যে আমার কোন শব্দটা এক্সপাঞ্জ হয়েছে। এটা এই বয়সে আমার জানার অধিকার আছে।’
তার বক্তব্য শুনে স্পিকার বলেন, ওই বিষয়ে আলোচনার সময় আমি উপস্থিত ছিলাম না। বিষয়টি দেখে কার্যপ্রাণালি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।