হোম > জাতীয়

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট সরকারের সময়ে পুলিশে ‘দলীয় ভিত্তিতে’ নিয়োগের অভিযোগে চলা তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্ত শেষ হলে তথ্য প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

জয়নাল আবেদিন ফারুক জানতে চান, আগের ১৭ বছরে ‘দলীয়ভাবে’ পুলিশে নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা জনসমক্ষে প্রকাশ করা হবে কি না। একই সঙ্গে বিভিন্ন আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রের সংখ্যাও জানতে চান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলীয় ভিত্তিক নিয়োগ যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছে, সেজন্য আমরা তদন্ত পরিচালনা করছি। সেটা প্রায় শেষ পর্যায়ে আছে। তদন্তে কয়েকটি জেলায় পুলিশ নিয়োগে অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখা গিয়েছে কয়েকটি জেলায় হাজার হাজার পুলিশ কনস্টেবল, এসআই এবং অন্যান্য পদবির লোকজন নিয়োগকৃত হয়েছে বিগত সরকারের আমলে। তার দাবি, সংশ্লিষ্ট জেলার বাসিন্দা না হয়েও অনেকে জেলা কোটার সুবিধা নিতে স্থায়ী ঠিকানা বদলেছেন।

মন্ত্রী বলেন, ‘যেখানে ডিস্ট্রিক্ট কোটায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই জেলার মানুষ তিনি নন, সেই জেলায় গিয়ে বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং কিশোরগঞ্জ, এরকম চার-পাঁচটি জেলা আইডেন্টিফাই করা হয়েছে। একখণ্ড জমি কিনে তার ওখানে গ্রামের ঠিকানা, স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছে। এভাবে অনেক অনিয়মের মাধ্যমে তারা পুলিশের জনবল নিয়োগ দিয়েছে বিগত সরকারের সময়।

তদন্ত শেষ হলে এসব তথ্য প্রকাশ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, তিনি বলেন, আমরা তদন্ত করে একটা পর্যায়ে এসেছি। সেটা যখন ফাইনাল হবে, আমরা জাতির সামনে উন্মুক্ত করব।

লুট হওয়া অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রতিনিয়ত আমরা যে অস্ত্র উদ্ধার অভিযান করছি, তার মধ্যে লুট হওয়া কিছু কিছু অস্ত্র পাওয়া যাচ্ছে। নম্বর থাকে, সেটা মিলিয়ে আমরা সংবাদ মাধ্যমেও বলি, প্রেস ব্রিফিংয়েও বলি যে লুট হওয়া অস্ত্র এটা পাওয়া গেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা কমিটি করা হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সব বাহিনী মিলিয়ে তারা তৎপরতা চালাচ্ছে। আশা করি আমরা লুট করা অস্ত্র যেগুলো কারাগার থেকে হয়েছে বা অন্য জায়গা থেকে হয়েছে এগুলো উদ্ধার করতে পারব।

রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, পুলিশের জনবল বাড়াতে নতুন চার হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট এবং এক লাখ কনস্টেবলের পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এসব পদ সৃষ্টি হলে রংপুর জেলাতেও পুলিশের জনবল বাড়বে।

পুলিশের যানবাহনের ঘাটতি পূরণেও সরকারের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের টেবিল অব অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট বা অনুমোদিত জনবল ও সরঞ্জাম কাঠামোয় থাকা যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেট থেকে পূরণ করা হবে। নতুন ইউনিট, জনবল ও কাজের পরিধির ভিত্তিতে যানবাহন ও জলযানের সংখ্যাও বাড়ানো হবে বলে জানান সালাহউদ্দিন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ একাডেমিগুলোতে নিয়মিত প্রশিক্ষণের মধ্যেই নৈতিক শিক্ষা, শারীরিক প্রশিক্ষণ ও একাডেমিক বিষয় অন্তর্ভুক্ত থাকে। তিনি বলেন, “আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণের জন্য কোনো কর্মপরিকল্পনা বর্তমান মুহূর্তে নেই।”

কুমিল্লা-৪ আসনের মোহাম্মদ আবুল হাসনাত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্পূরক প্রশ্ন করেন। তিনি বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরে জানতে চান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছে কি না। আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন, নাকি ব্যর্থ হয়েছেন, সেটিও জানতে চান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।’ হাসনাতের দেওয়া অপরাধের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন খাতে কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কি পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্সটা কি আমি জানি না।

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই, সেটা তো দৃশ্যমান। তার দাবি, বর্তমান সরকারের সময়ে সংঘটিত গুরুতর অপরাধের ঘটনায় ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টা বা কোনো কোনো ক্ষেত্রে সাত ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত অপরাধের পাশাপাশি আলোচনায় না আসা ঘটনাতেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার অভিযোগ থাকলে তা সংসদে তুলে ধরা যেতে পারে।

প্রয়োজনে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় সে বিষয়ে বিবৃতি দেওয়ার কথাও বলেন তিনি। তিনি বলেন, “স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সেই স্পেসিফিক ঘটনা আমি ৩০০ বিধিতে বিবৃতি দিতে পারব।” সালাহউদ্দিন বলেন, ঢালাওভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে বললে তার জবাব দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘স্পেসিফিক্যালি বলতে হবে।’

আরেক প্রশ্নের জবাবে ২০২৫ সালের জানুয়ারি থেকে অাগস্ট এবং ২০২৬ সালের একই সময়ের চিত্রের তুলনা সংসদে বলেন স্বরাষ্ট্র মন্ত্রী। মব বা সংঘবদ্ধ জনতার সহিংসতার ঘটনা ৮৯ থেকে কমে ৫৬ হয়েছে বলেও সংসদে তথ্য দেন তিনি। সংখ্যালঘুদের ঘিরে ঘটনার সংখ্যা ২০২৫ সালের একই সময়ের ৯৯৯ থেকে চলতি বছরের একই সময়ে ১৬৩টিতে নেমে এসেছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “এটা একটা বৈপ্লবিক উন্নতি না বললেও আমি বলব দৃশ্যমান এবং জনপ্রত্যাশিত উন্নতি হয়েছে।”

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ২০১০ সাল হতে ২০২৪ পর্যন্ত ১৯ হাজার ৬৪১জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। যার মধ্যে শর্টগান ৭৩০৮, পিস্তল ৫৩৪৭, রিভলভার ৫৯৪, রাইফেল ৯৪৮, অন্যান্য ৫৪৪৪টি।

সংরক্ষিত নারী আসনের বিএনপির এমপি সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, মব সহিংসতায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধের বিচার করার একচ্ছত্র কর্তৃত্ব কেবল রাষ্ট্রের। আইনি প্রক্রিয়া ব্যতীত কাউকে সাজা দেওয়া বা শারীরিকভাবে লাঞ্ছিত করা সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে মব সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রতিরোধ এবং আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

বিএনপির সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ১৭ ফেব্রুয়ারি হতে ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ৫৫ হাজার ২৫১টি অভিযান পরিচালনা করে ১৬ হাজার ৩৭৩টি মামলা দায়েরপূর্বক ১৭ হাজার ১৪০জন আসামি গ্রেপ্তার করা হয়।

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা!

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে