বেতন বাড়ানোর পাশাপাশি কারখানায় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, অধিকার, মাতৃত্বকালীন ছুটি এবং সুন্দর আচরণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। তিনি বলেছেন, শুধু মজুরি বাড়িয়ে পোশাক শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। মালিক, শ্রমিক ও সরকার যৌথভাবে আলোচনার মাধ্যমে বেতনকাঠামো নির্ধারণ করলে খাতের বর্তমান অস্থিতিশীলতা এড়ানো সম্ভব হতো। মজুরি নির্ধারণের ক্ষেত্রে দ্রব্যমূল্যের পরিস্থিতি, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং মালিকপক্ষের সক্ষমতা—সব বিষয়ই বিবেচনায় নেওয়া উচিত। কারণ, যেকোনো ধরনের অস্থিরতা বিদেশি ক্রেতাদের (বায়ার) আস্থা কমিয়ে দেয়।
শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ‘পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয়’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এই প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ড. নাজনীন আহমেদ উদ্বেগ প্রকাশ করে বলেন, শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারখানা বন্ধ হয়েছে, তারা নির্দিষ্ট সময়ে ক্রেতাদের অর্ডার সরবরাহ করতে না পারলে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটবে। কোনোভাবেই সহিংসতা চালিয়ে ন্যায্য মজুরি বা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে কোনো পক্ষের ইন্ধন থাকলে মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার—সব পক্ষকে মিলে সমন্বিতভাবে তা মোকাবিলা করতে হবে।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ ও ভাঙচুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো পূর্ণাঙ্গ স্থিতিশীলতা ফেরেনি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ছে, যার ফলে রপ্তানি আয়ও কমতে পারে।
তিনি আরও বলেন, পোশাক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে যৌক্তিক বেতনকাঠামোর পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা—উভয়ই সমানভাবে প্রয়োজন। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিটি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে, তা অত্যন্ত ইতিবাচক ও শ্রমিকবান্ধব। পোশাক খাতে কোনো অপশক্তি অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে শ্রমিকের ছদ্মবেশে কেউ নাশকতা চালালে তা কঠোরহস্তে দমন করার আহ্বান জানান তিনি।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী বিইউবিটি
‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক এই ছায়া সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।