মালয়েশিয়া ও চীনে ছয়দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার বিকাল সোয়া ৫টায় (বাংলাদেশ সময় সোয়া ৩টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বেইজিং তাসিং বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা।
চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওইউথাই থেকে তারেক রহমান ও তার সফর সঙ্গীরা তাসিং বিমানবন্দরে পৌঁছান স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান গাড়ি থেকে নামার পরে লাল গালিচায় হেঁটে বিমানে ওঠেন। এ সময় চীনা সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।
বেইজিং সফরের শেষ দিনে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক বসে। এর পরপরই দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচন নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। তিনি চার দিনের সফরে মালয়েশিয়া থেকে চীনে যান।