কয়েকদিনের তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর রোববার বিকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এতে জনমনে সাময়িকভাবে কিছুটা স্বস্তি ফিরিলেও সপ্তাহজুড়ে ভ্যাপসা গরমের দাপট অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার রাতে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, মাঝারি ধরনের বৃষ্টিতে রাজধানীবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও তা বেশি সময় ধরে স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। জ্যৈষ্ঠের খরতাপ আর ভ্যাপসা গরম জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
তিনি বলেন, বৃষ্টির পরিমাণ বেশি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়; এতে গরম আরো বেশি অনুভুত হয়। কেননা শরীরের ঘাম শুকাতে দেয় না। ফলে রাজধানীসহ সারাদেশে সহসাই গরম কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে হঠাৎ বৃষ্টিতে সাময়িক স্বস্তি দিলেও পরক্ষণেই ফের ভ্যাপসা গরম দেখা দিতে পারে। এছাড়া ঈদের ছুটির দিনগুলোতেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রোববার বিকাল চারটা থেকে রাজধানীর ঢাকার আকাশ হঠাৎ কালোমেঘে ছেয়ে যায়। পরে বিকাল সাড়ে চারটা থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে চলে সন্ধ্যার আগ পর্যন্ত। একইসঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে কিছুটা কমেছে তাপমাত্রা ও ভ্যাপসা গরমের অস্বস্তি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার বিকালে গোটা নগরীতেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ ছিল ১৩ মিলিমিটার। এর আগে গত শুক্রবার রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। রোববার সারাদেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ৮৩ মিলিমিটার। এছাড়া সিলেটে ৬৬ এবং ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে আগের কয়েকদিনের তুলনায় বৃষ্টির প্রবণতা কম ছিল।
রোববার বিকাল সাড়ে ৪টার পর হঠাৎ বৃষ্টি শুরু হলে নগরীর বাবুবাজার, সদরঘাট, গুলিস্তান, বংশাল ও কারওয়ান বাজার এলাকায় রাস্তায় পানি জমে যায়। তবে কিছুক্ষণ পরেই তা কেটে যায়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সোমবার সকালে কিংবা বিকালেও রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ভারী বৃষ্টি সম্ভাবনা কম। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আগের দিন দেশের ২০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ গেলেও রোববার ছিল ২১ জেলায়। এদিন ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়।
সোমবারও এমন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।