হোম > জাতীয়

রানাপ্লাজায় রেশমা উদ্ধার ছিলো সাজানো নাটক: শ্রম উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

রানাপ্লাজার ধ্বংসস্তুপ থেকে ১৭ দিন পরে রেশমা নামক নারী কর্মীকে উদ্ধার করা ছিলো সাজানো নাটক বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, পতিত সরকারের অনেক মন্ত্রী, এমপি শ্রমিকের বেতন না দিয়ে বিদেশে পালিয়েছে বা আত্মগোপনে আছে। তাদের বাড়ি, গাড়ি, জমি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিদেশে পালিয়েছে তাদের ধরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেডএলার্ট জারির আবেদন করা হবে।

শনিবার শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক—মালিক সম্পর্ক নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

উপদেষ্টা বলেন, আমার শ্রমিককে আমি দেখবো, মালিকদের এমন মানসিকতা গড়ে উঠেনি। আমরা সর্বদা শ্রমিকের পক্ষে, আবার মালিককেও দেখার দায়িত্ব আছে। আমরা চাইনা শ্রমিক একদিকে মালিক অন্যদিকে। শিল্পখাতে আমাদের ব্যর্থতার কারণ অতীতের দুবৃর্ত্তায়ন। যিনি কারখানার মালিক তিনি রাজনৈতিক দলের নেতা, তিনি সংসদে এমপি, এ ভাবেই অতীতে শাসন এবং শোষণ চলেছে। জুলাই বিপ্লবে ছাত্রদের পাশাপাশি শ্রমিক ও শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ ও প্রাণহানি ঘটেছে। এর পেছনে কারণ ছিলো তাদের দীর্ঘদিনের পূঞ্জীভূত ক্ষোভ। সরকারের অবহেলায়ই রানাপ্লাজা দুর্ঘটনা ঘটেছে। রানাপ্লাজার ধ্বংসস্তুপ থেকে ১৭ দিন পরে রেশমা নামক নারী কর্মীকে উদ্ধার করা ছিলো সাজানো নাটক।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মে দিবস আসে যায়। দিবসটিতে নানা র‌্যালি, মিছিল—শ্লোগান, সভা—সমাবেশের মাধ্যমে পালিত হয়। কিন্তু শ্রমিকের ভাগ্য বদলায় না। যাদের শ্রমে—ঘামে দেশের চাকা ঘোরে, তাদের ভাগ্যের চাকা ঘোরে না। শ্রমিক অধিকার আদায়ের যে দিবস, সে দিবস তাদের স্পর্শ করে না। দেশের ৮ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে ৮৫ শতাংশ শ্রমিকেরই আইনি ও সামাজিক সুরক্ষা নেই। শ্রমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি নেই, নেই কর্মস্থলে পরিচয়পত্র। অথচ জুলাই অভ্যুত্থানে ছাত্র—জনতার বিপ্লবে ১১২ জন শ্রমিক ও শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন বলেও জানান তিনি।

মহান মে দিবস—২০২৫ উদ্যাপনের অংশ হিসেবে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি’ শীর্ষক ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক মো. আলমগীর হোসেন, সাংবাদিক মো. তৌহিদুল ইসলাম, সাংবাদিক মো. আতিকুর রহমান ও জনাব নঈম ইমতিয়াজ নেয়ামুল। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার ও রানারআপ দলকে ৩০ হাজার টাকাসহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

দুয়ারে সমাগত পবিত্র ঈদুল আজহা

লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান

ছুটির দিনে ৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি, একজন ওএসডি

ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ঝরল ২৭ প্রাণ

জলাবদ্ধতায় পশুরহাটে ও ঈদযাত্রায় চরম ভোগান্তি

নজরুলচর্চা সম্প্রসারণে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: প্রাণিসম্পদমন্ত্রী

বেতন-বোনাস ছাড়াই সাংবাদিক ছাঁটাই, বিএফইউজে-ডিআরইউর নিন্দা

ঝড়ের কবলে পড়ে চায়না সাউদার্ন কলকাতায় ও বিমান চট্টগ্রামে ফিরল

শাপলা গণহত্যা নিয়ে খালেদ সাইফুল্লাহর বক্তব্যে শাপলা স্মৃতি সংসদের নিন্দা