দেশের বিভিন্ন জেলায় কাজ না করে বিল উত্তোলন ঘুস, অনিয়ম অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৪টি এনফোর্সমেন্ট ইউনিট থেকে গতকাল রোববার অভিযান পরিচালনা করেছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আমার দেশকে নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি: রামগড় স্থলবন্দর নির্মাণে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটি থেকে রামগড় স্থলবন্দর এবং খাগড়াছড়িতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে স্থানীয় জনগণ ও বন্দর কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে জিজ্ঞাসাবাদে ভারতের সেভেন সিস্টারস রাজ্যসমূহের সাথে ভারত এবং অন্যান্য রাজ্যের দূরত্ব বেশি হওয়ায় মালামাল পরিবহনে সময় ও পরিবহণ ব্যয় বেড়ে যায়। রাজ্যসমূহে দ্রুত ও কম খরচে চট্টগ্রাম বন্দর থেকে মালামাল পরিবহনের জন্য এই স্থলবন্দরটি নির্মাণ করা হয়। তবে স্থলবন্দর নির্মাণকে কেন্দ্রকরে স্থানীয় জনগণের মধ্যে চাপা অসন্তোষ রয়েছে। সরেজমিনে জিজ্ঞাসাবাদে দুদক জানতে পারে।
স্থলবন্দরটির অবকাঠামো নির্মাণের জন্য ১৯০ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে, যার ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, এমনটি প্রকল্প পরিচালক দুদককে জানান। এ ছাড়াও, তড়িঘড়ি করে বন্দরটি উদ্বোধনের জন্য ১৫ কোটি টাকা খরচ দেখিয়ে একটি সেড নির্মাণ করা হয়েছে, যা বাহ্যিক দৃষ্টিতে নিম্নমানের এবং কম অর্থের ব্যয়ে হয়েছে জানতে পারে দুদক।
অন্যদিকে দুদক প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এবং রামগড় স্থলবন্দর প্রকল্প অফিসে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রকল্পের ডিপিপি সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। প্রাথমিক পর্যালোচনায় প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইকালে (Feasibility Study) সঠিক পরিমাপ পদ্ধতি ব্যবহার হয়নি জানতে পারে দুদক। এ ছাড়া, "Financial Analysis of Ramgarh Land Port" সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনায় প্রাক্কলিত ১২৮ কোটি টাকা প্রকল্পটি বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়েছে।
শরীয়তপুর: শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগের দুদক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে টিম। দুদক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ডাকবাংলো নির্মাণে প্রথম ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু কাজ না করে পুনরায় ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও, অন্যান্য অভিযোগের বিষয়ে টিম বেশ কিছু অসংগতির প্রাথমিক তথ্য-প্রমাণ পায়।
কিশোরগঞ্জ : ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের সাধারণ তহবিলের অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুদক কিশোরগঞ্জে এনফোর্সমেন্ট নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সময় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। পরবর্তীতে, টিম নথিপত্রের ভিত্তিতে সরেজমিনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করে।