দেশের পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও আন্দোলন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। দলটি মনে করে, সরকারের সিদ্ধান্তহীনতা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেন, ‘সিদ্ধান্তহীনতা এই সরকারের বড় ব্যধি।’ তিনি উল্লেখ করেন, পোশাকশিল্পের মতো দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাতে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতি অব্যাহত থাকলে এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির একটি বিশাল অংশ পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও জীবিকা। তাই শ্রমিকদের ন্যায্য দাবি, মালিকপক্ষের সক্ষমতা এবং শিল্পের সামগ্রিক স্বার্থ বিবেচনায় নিয়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে আরও আশঙ্কা প্রকাশ করা হয়, চলমান সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন ব্যাহত হওয়া, রপ্তানি আয় কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারানো এবং নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়তে পারেন, যা জাতীয় অর্থনীতির জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
বিডিপি মনে করে, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি শিল্পকারখানার উৎপাদন ও কর্মপরিবেশ স্বাভাবিক রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারকে কোনো পক্ষের প্রতি একতরফা অবস্থান না নিয়ে শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হবে।
একই সঙ্গে পলাতক নিষিদ্ধ সংগঠনের কেউ শ্রমিকদের পেছন থেকে উসকানি দিচ্ছে কি না, তা তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছে দলটি।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে দলটির চেয়ারম্যান আরও বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় একগুঁয়েমি কিংবা একপাক্ষিক সিদ্ধান্ত নয়; প্রয়োজন দূরদর্শিতা, দায়িত্বশীলতা, সংলাপ ও জনমুখী নীতি।’
তিনি দেশের অর্থনীতি, শিল্প এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা রক্ষায় সরকারকে অবিলম্বে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।