দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট থেকে সোমবার ৪টি এনফোর্সমেন্ট অভিযান হয়েছে। দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
কুষ্টিয়া: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের বিপুল টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে সরেজমিনে কয়েকটি প্রকল্প স্থান পরিদর্শন করা হয়। পরবর্তীতে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক দেখা যায়, ‘মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এই তিনটি জেলায় প্রায় সাড়ে ২১ হাজার হেক্টর কৃষি জমিতে নিষ্কাশন সুবিধাসহ সেচ ব্যবস্থা উন্নয়নের নিমিত্ত ২০২০-২১ থেকে ২০২৪-২৫ এই ৫ অর্থবছরে মোট ২৪৮ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় করা হয়েছে। পূর্বে সম্পাদিত প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় নিয়ম বহির্ভূতভাবে একই অর্থ বছরের একজন ঠিকাদারকে ৫/৬টি কাজের জন্য কার্যাদেশ প্রদান করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর: প্রাণিসম্পদ অধিদপ্তরে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ’ শীর্ষক ৭৩ কোটি টাকার প্রকল্পের আওতায় নবনির্মিত ল্যাবের যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতি এবং বিশেষ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে কার্যাদেশ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগে বর্ণিত প্রকল্পের কাগজপত্র পর্যালোচনা করে। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।
লালমনিরহাট: আঞ্চলিক পাসপোর্ট অফিস, লালমনিরহাটে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম পাসপোর্ট অফিস ও তার আশপাশে ছদ্মবেশে অবস্থান করে সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে। অভিযানকালে কয়েকজন দালালসহ অফিসের অভিযুক্ত কর্মচারীকে অবৈধ লেনদেনকালে হাতেনাতে ধরা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় শুরু করা হয়েছে।
নোয়াখালী: উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, নোয়াখালী সদরে পেনশনের ফাইল দীর্ঘদিন আটকে রেখে হয়রানির অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম উপজেলা শিক্ষা অফিসে উপস্থিত বিভিন্ন সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে। পরবর্তীতে টিম অফিসের বিভিন্ন কর্মচারীদের সঙ্গে পেনশন সংক্রান্ত যাবতীয় কাজের তথ্যাবলি সংগ্রহ করে। তথ্যাবলি বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করা হবে।