হোম > জাতীয়

এমপি নুসরাতের বাড়িতে আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্ত চলছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রাথমিক আলামত ও ছবি বিশ্লেষণ করে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বলে ধারণা করা হচ্ছে; তবে নাশকতার কোনো প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের নির্দেশনা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে অগ্নিকাণ্ডের সর্বশেষ তদন্ত চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ঘটনার বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগওয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের একটি পুরাতন টিনশেড আধাপাকা বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই বাড়ি থেকে ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে তার বাবা-মা বসবাস করেন। অগ্নিকাণ্ড হওয়া পুরাতন বাড়িটিতে কেউ থাকতেন না; সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় এবং দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানার ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পাওয়ার পর অ্যাডিশনাল এসপি ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সকালে তিনি নিজে জেলার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে তাকেও সেখানে পাঠিয়েছেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আগুন লেগেছে নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে—তা উদ্‌ঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি কাজ করছে বলে জানান তিনি।

সংসদে বিজিবির প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন পড়ে শুনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থলের আলামত, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে বিজিবি জানিয়েছে যে সেখানে পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো শব্দ বা বাড়ির দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীর কাছ থেকেও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য মেলেনি। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি।

ঘটনাস্থলের দেয়ালসহ সবকিছুর ছবি ও অডিও-ভিডিও সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অনেকটা পরিত্যক্ত ও পুরাতন ওই বাড়িটির বৈদ্যুতিক ওয়্যারিং অত্যন্ত দুর্বল ও পুরাতন ছিল। সংগৃহীত ছবি দেখে প্রাথমিক তদন্তে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে।

তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত বক্তব্য দেওয়া যাবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে কেউ যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করে থাকে, অধিকতর তদন্তে তা প্রকাশ পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। ইতোমধ্যে আজ ১২ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭০৩) এন্ট্রি করা হয়েছে এবং পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক

প্রধানমন্ত্রীর নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: সংসদে প্রতিমন্ত্রী

স্থানীয় উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

স্কুল ফিডিং চালু রেখে বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করা হবে: ববি হাজ্জাজ

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন ডা. জুবাইদা রহমান

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এমপির বাড়িতে আগুন পেট্রোল বোমায় নয়, শর্ট সার্কিট হতে পারে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপির সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ