হোম > জাতীয়

দেশব্যাপী চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে

স্টাফ রিপোর্টার

নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, সুরক্ষা এবং সার্বিক বিকাশ নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও শহরের ওয়ার্ডগুলোতে চাইল্ড কেয়ার সেন্টার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘2nd Global Ministerial Conference on Ending Violence Against Children’ শীর্ষক সম্মেলনের প্যানেল আলোচনায় বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ১৮ কোটি জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশের বয়স ১ দিন থেকে ১৮ বছরের মধ্যে এবং এই বিশাল জনগোষ্ঠীর সুরক্ষা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার ও বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের কর্মক্ষেত্রেও শিশু সুরক্ষা ও পরিচর্যার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে প্রতিটি উপজেলায় ৫টি করে কমিউনিটিভিত্তিক ‘শিশু সুরক্ষা কমিউনিটি হাব’ (Child Protection Community Hub) পরিচালিত হচ্ছে, যেখানে স্বেচ্ছাসেবী সেবাদাতাদের সম্মানী প্রদানের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায় থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে শিশুদের সুরক্ষা আরও জোরদার করতে প্রতিটি ইউনিয়নে এই সেবা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া, কর্মজীবী দম্পতিদের সন্তানদের পরিচর্যার জন্য শহর ও উপশহরে ডে-কেয়ার কর্মসূচি চালু থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল হওয়ায় শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে শিশু দিবাযত্ন সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি আরও জানান, বর্তমানে মেডিকেল কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দর এবং সরকারি দপ্তরে চাইল্ড কেয়ার কার্যক্রম চালু আছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এই সুবিধা চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিশু পরিচর্যা ও সুরক্ষা সরকারের উন্নয়ন এজেন্ডার অন্যতম প্রধান অংশ বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ফিলিপাইনের ম্যানিলায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে অ্যাবের বিক্ষোভ

আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা-অগ্নিসংযোগ

পুলিশ প্রশাসনে বড় রদবদল, একসঙ্গে বদলি ১৭ কর্মকর্তা

শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত না করে পোশাকশিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়

কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট, তালিকা প্রকাশ ইসির

মামলার জট কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালু হচ্ছে: আইনমন্ত্রী

‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

জুলাইয়ে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে