হোম > জাতীয়

বাংলাদেশ-জাপান কর্মসংস্থান চুক্তি সই, আগামী এপ্রিলে কর্মী নিয়োগ শুরু

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থানসংক্রান্ত একটি নতুন চুক্তি ‘ইএসডিপি-এমওসি’ (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়েছে। এর ফলে আগামী বছরের এপ্রিল থেকে এই চুক্তির অধীনে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করবে জাপান।

পাঁচ বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি পাবে, ফলে সামগ্রিক মেয়াদ দাঁড়াবে ১০ বছর।

সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির মিনিস্ট্রি অব জাস্টিস, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তিকে এক নতুন দিগন্তের সূচনা হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের ইতিহাসে এটি একটি অন্যতম মাইলফলক। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় এই চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে বাংলাদেশি কর্মীরা জাপানে অভূতপূর্ব সুযোগ ও সুরক্ষা লাভ করবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে উভয় পক্ষের সহযোগিতা আরও জোরদার করা হবে। কর্মসংস্থানের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের দক্ষতা বৃদ্ধি পাবে, যার ফলে তারা উচ্চ বেতন এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পাবেন। এছাড়া এই চুক্তির আওতায় কর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষাপ্রাপ্ত হবেন এবং কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমান সুযোগ পাবেন।

বিশেষ করে নারী বিদেশি কর্মীদের সুরক্ষায় চুক্তিতে বলা হয়েছে, গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না। গর্ভধারণ বা সন্তান প্রসূতির কারণে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো বাধ্যবাধকতামূলক বিধানও এই চুক্তিতে রাখা হয়নি।

ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে কীভাবে চলবে মেট্রোরেল, জেনে নিন সময়সূচি

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: ইসি মাছউদ

দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রেরণা: এলজিআরডি মন্ত্রী

পরিচ্ছন্নতাকর্মীদের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

কিশোর গ্যাং দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি

৮ মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিদায়

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ