হোম > জাতীয়

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা ২০ শতাংশ বাড়ল

আমার দেশ অনলাইন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সামরিক ও অসামরিক কর্মচারীদের বিশেষ ভাতা ২০ শতাংশ বাড়িয়েছে সরকার। জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত এনএসআইয়ের সব স্তরের কর্মচারী এ সুবিধার আওতায় থাকবেন।

এ-সংক্রান্ত গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা। ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি বুধবার প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম।

গেজেটে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন এনএসআইয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা বিশেষ ভাতা হিসেবে যে পরিমাণ অর্থ পেতেন, তার সঙ্গে ২০ শতাংশ যোগ করে নতুন ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে। তবে বর্ধিত হারে এ ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

ফলে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এনএসআই কর্মচারীরা আগের নিয়মেই বিশেষ ভাতা পাবেন। এ সময় অর্থ বিভাগের ২০১৪ সালের ১ সেপ্টেম্বর জারি করা স্মারক অনুযায়ী তাদের ভাতা দেওয়া হবে।

গেজেটে আরো বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে এনএসআই কর্মীদের বিশেষ ভাতা নির্ধারণ করা হবে না। অর্থাৎ নতুন পে-স্কেলে মূল বেতন বাড়লেও তার কোনো নির্দিষ্ট শতাংশ ধরে এ ভাতা নির্ধারণ করা হবে না।

প্রেষণে নিয়োজিত কর্মচারীদের জন্যও বিশেষ শর্ত রাখা হয়েছে। কোনো কর্মচারী প্রেষণে থেকে এনএসআইয়ের বিশেষ ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।

গেজেটে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন প্রচলিত বিশেষ ভাতার পরিমাণকে ভিত্তি ধরেই ২০ শতাংশ বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। নতুন বর্ধিত হারে ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা