হোম > জাতীয়

পররাষ্ট্র সচিব ও গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে

বশীর আহমেদ

ফাইল ছবি

পররাষ্ট্র সচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে সরিয়ে নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। এছাড়া ব্রিটেন ও জাতিসংঘে চুক্তিভিত্তিক নতুন দূত নিয়োগ দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে এসব তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিতকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া সালাহউদ্দিন নোমানকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেওয়া হলে তার স্থলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে বিশিষ্ট মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দেওয়া হতে পারে। আইরিন খান মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মতপ্রকাশ ও মতের স্বাধীনতার জন্য জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তার মানবাধিকারবিষয়ক নানামুখী কর্মকাণ্ডের পাশাপাশি ডেইলি স্টার পত্রিকার পরামর্শক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গুরুত্বপূর্ণ এসব পদে পরিবর্তন এবং নতুন নিয়োগকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পররাষ্ট্র সচিব পদে ঘন ঘন পরিবর্তন মন্ত্রণালয়ের কাজের গতিকে ব্যাহত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিগত আওয়ামী লীগ আমলে পররাষ্ট্র মন্ত্রণালয় একপ্রকার অকার্যকর ছিল। বাংলাদেশের পররাষ্ট্রনীতি তখন নিয়ন্ত্রিত হতো দিল্লির ইচ্ছাতেই। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হলেও তা এখন পর্যন্ত সফল হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন বহুল আলোচিত ও বিতর্কিত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে সরিয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।

জসীম উদ্দিন ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। কিন্তু মাত্র ৯ মাসের মাথায় ২০২৫ সালের ২৩ মে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে পররাষ্ট্র সচিবের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ নিয়ে তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মতভেদ তৈরি হয়। অবশেষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। আসাদ আলম সিয়াম ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত হিসেবে মাত্র ছয় মাস দায়িত্ব পালন শেষে অনিচ্ছা সত্ত্বেও ২০২৫ সালের ১৯ জুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেন।

পররাষ্ট্র সচিবের সাধারণ মেয়াদ তিন বছর। মাত্র এক বছর দায়িত্ব পালন শেষে এখন আসাদ আলম সিয়ামকে সরিয়ে নতুন একজনকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক অঙ্গনে যখন বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং সময় পার করছে, ঠিক সেই মুহূর্তে পররাষ্ট্র সচিবসহ গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন নিশ্চিতভাবে নানা প্রশ্নের জন্ম দেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এই পরিবর্তন সম্পর্কে আমার দেশ-এর সঙ্গে আলাপে বলেন, আসাদ আলম সিয়ামকে সরিয়ে কর্মরত অন্যান্য সিনিয়র কূটনীতিকদের বাদ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা সালাহউদ্দিন নোমান চৌধুরীকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের কথাই ভাবছেন। সিনিয়রিটির দিক দিয়ে সালাহউদ্দিন নোমান চৌধুরী ১৯তম। এছাড়া তার অভিজ্ঞতা নিয়েও আলোচনা আছে। নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের আগে রাষ্ট্রদূত হিসেবে তিনি শুধু নেপালে দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত সিনিয়র কূটনীতিকদের মাঝে উদ্ভূত পরিস্থিতিতে রীতিমতো হতাশা তৈরি হয়েছে। একাধিক সিনিয়র কূটনীতিক তাদের হতাশার কথা জানিয়ে বলেন, আমাদের প্রত্যাশা ছিল নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় নতুনভাবে তার যাত্রা শুরু করবে। কিন্তু এখন মনে হচ্ছেÑ সম্মানের সঙ্গে অবসরে যাওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রাজধানী থেকে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলায় সিটিজেন ইনিশিয়েটিভের নিন্দা ও উদ্বেগ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

বঙ্গভবনের সঙ্গে শীতল সম্পর্ক সরকারের

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি, তিস্তার পানি বিপৎসীমার ওপরে

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের নাশকতার নীলনকশা সুপার ফ্লপ

তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেয়া আলোচিত কবির হোসেনের ইন্তেকাল

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত: প্রধানমন্ত্রী