জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার ও দু’আ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুরান ঢাকার রায়সাহেব বাজারের স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে আয়োজিত ইফতার ও দু’আ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুর রহমান হামিদ পবিত্র রমজান উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে যেসব আইনি জটিলতা রয়েছে, তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং আবাসন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে একটি টেকসই উদ্যোগ গ্রহণের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, প্রধান অতিথি এই বিশ্ববিদ্যালয়েরই একজন প্রাক্তন শিক্ষার্থী—এটি জবি পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। একই সঙ্গে তিনি স্থানীয় সংসদ সদস্য হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করা যায়। উপাচার্য আরও উল্লেখ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের কিছু অসংগতি দূর করা এখন সময়ের দাবি। জাতীয় সংসদের মাধ্যমে এই আইন সংশোধন সম্ভব এবং এ ক্ষেত্রে সংসদ সদস্যের বলিষ্ঠ ভূমিকা আইন সংশোধন প্রক্রিয়াকে সফল করতে সহায়ক হবে।
ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে। শিক্ষক সমিতি প্রশাসনের সহযোগী হিসেবে আগামীতে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন।
সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। বর্তমান সংসদ সদস্যের নেতৃত্বে বিদ্যমান আইনি জটিলতা সমাধান করে বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং বর্তমান সরকারের আমলে বিশ্ববিদ্যালয় অতীতের তুলনায় আরও বেশি উন্নয়ন ও সুযোগ-সুবিধা ভোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের স্বাগত বক্তব্য এবং অধ্যাপক ড. নাছির আহমাদের সঞ্চালনায় ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, জকসু প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।