পুলিশ ও সশস্ত্র ক্যাডার নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ার এভেরোজ স্কুল দখল চক্রান্তের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুফতি কাজী মোহাম্মদ ইবরাহীম। আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারকীয় হত্যা মামলার অন্যতম পালাতক আসামি রাজধানীর ইসিবি চত্বর এলাকার ভূমি দস্যু অনলাইন আক্তার এই চক্রান্ত করছেন বলে জানান তিনি।
বুধবার বিকালে লালমাটিয়ায় স্কুল অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ভূমি দস্যু অনলাইন আক্তার সশস্ত্র অবস্থায় স্বদল বলে মুফতি ইবরাহীমকে তুলে নেয়ার চেষ্টা করেছেন। গত মঙ্গলবার স্কুল অডিটোরিয়ামে স্কুলের পরিচালক, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সামনে অনলাইন আক্তার ওরফে খান আখতারুজ্জামান পুলিশ ও সশস্ত্র ক্যাডার নিয়ে অশালীন আচরণ করতে শুরু করেন এবং হত্যার হুমকি প্রদান করেন। যা স্কুলের সিসি টিভির ফুটেজ ও ভয়েস রেকর্ডে সংরক্ষিত রয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীদের সামনে ভূমিদস্যু খ্যাত খান আখতারুজ্জামানের গালমন্দ, অশালীন আচরণ এবং উপর্যুপরি হত্যার হুমকিতে উদ্বেগ প্রকাশ করেন সাবেক পিস স্কুলের প্রতিষ্ঠাতা মুফতি ইবরাহীম। তিনি বলেন, খান আক্তারুজ্জামান যেসব আচরণ করেছেন তা অনভিপ্রেত এবং এটা তাকে হত্যা চেষ্টার (অ্যাটেম্পট টু মার্ডার) শামিল। পালাতক থেকে এয়ারপোর্ট থানা শ্রমিক লীগের সহ-সভাপতি রানাকে ব্যবহার করে তাকে অব্যাহত হত্যার হুমকি দিয়ে মালিকানা থেকে সরিয়ে দেয়ার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন এই আলেম।
তিনি বলেন, স্কুলের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান খান মো. আখতারোজ্জামান ওরফে অনলাইন আক্তার পুলিশের সহায়তায় এবং পুলিশকে সঙ্গে নিয়ে যে আচরণ করেছেন তা খুবই হতাশাজনক। জাতির জন্য সতর্কতামূলক এসব বার্তা। এই ঘটনার পেছনে দেশের জন্য অন্য কোন উদ্দেশ্য আছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের পরিচালকদের প্রাপ্ত লভ্যাংশ সমান ভাগে ভাগ করে নিই তাতে আমাদের কোন আপত্তি নেই। আমাদের অন্য তিনজন পরিচালকদের সঙ্গে কখনো কোন রকম সমস্যা হয়নি শুধু এই আখতারুজ্জামানের সঙ্গে আমাদের তিনজনের মতের সঙ্গে গরমিল হয়ে থাকে; যা কিনা খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।