ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) এখন পর্যন্ত ৩৪৫ অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন–সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব এবং এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
ইসি সূত্রে জানা গেছে, প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ১৪৪টি অভিযোগ রয়েছে। এ ছাড়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য বিষয়ে এসেছে ২০১টি অভিযোগ। সব মিলিয়ে মোট অভিযোগের সংখ্যা ৩৪৫টি।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ৮ জানুয়ারি থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি আচরণবিধি প্রতিপালন ও অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে ২১২টি মামলা করেছেন। এসব মামলায় মোট ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে ইলেক্ট্রোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি বিভিন্ন অপরাধে ১৫টি অভিযোগে সংক্ষিপ্ত বিচারকার্য সম্পন্ন করে ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।