হোম > জাতীয়

আসছে টানা ৩ দিনের ছুটি, পাবেন যারা

আমার দেশ অনলাইন

চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন দেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে ঘোষিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।

আগামী ৬ নভেম্বর (শুক্রবার) থেকে ৮ নভেম্বর (রোববার) পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য এ ছুটির সুযোগ থাকছে না।

গত বুধবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে আগে থেকেই নির্ধারিত শ্যামাপূজার ছুটির সঙ্গে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের অবকাশ তৈরি হয়েছে।

২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। বাংলা পঞ্জিকা অনুসারে, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এ পূজা উদযাপিত হবে।

সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। ফলে শুক্রবারের সাপ্তাহিক ছুটি, শনিবারের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং রোববারের শ্যামাপূজার ছুটি মিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ। একই সঙ্গে সারা দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও এ ছুটির আওতায় থাকবে।

যদিও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এ ছুটির বিষয়টি ভিন্ন। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটির তথ্য পাওয়া যায়নি।

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর

৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে: ডিএমপি উপকমিশনার

যে কারণে প্রি-পেইড বিদ্যুৎ মিটারে পর্যাপ্ত টাকা রাখার পরামর্শ ডেসকোর

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: বান্ধবী দিশা ফের রিমান্ডে

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬৬

হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইসলামবিদ্বেষের পরাজয় ঘটেছে

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী