হোম > জাতীয়

হাজারীবাগের আধুনিক পশু জবাইখানার কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার

হাজারীবাগের আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: আমার দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাজারীবাগ আধুনিক পশু জবাইখানায় আনুষ্ঠানিকভাবে পশু জবাই কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সিটি করপোরেশনের চলমান উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই আধুনিক পশু জবাইখানা।

তিনি বলেন, এখানে লাইভস্টক বিশেষজ্ঞ বা ভেটেরিনারি সার্জনের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করা হয়। এর ফলে নগরবাসী নিরাপদ ও দূষণমুক্ত মাংস পাবেন।

নাগরিকদের বাজার থেকে মাংস কেনার সময় পশুটি কোথায় জবাই করা হয়েছে, তা যাচাই করে নেওয়ার আহ্বান জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক আরো বলেন, আধুনিক এই জবাইখানায় উন্নত চিলিং ও কোল্ড স্টোরেজ সুবিধা রয়েছে। এতে দীর্ঘ সময় মাংসের সতেজতা ও গুণগত মান বজায় থাকবে।

এখানে পরিবেশবান্ধব বর্জ্য শোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে রক্ত ও দূষিত পানি পরিশোধন করা হবে। ফলে দুর্গন্ধ ও পরিবেশদূষণ কমানো সম্ভব হবে।

এ ছাড়া পশুর রক্ত, হাড় ও খুর প্রক্রিয়াজাত করে সার ও পশুখাদ্য তৈরির ব্যবস্থা রয়েছে। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নির্ভুলভাবে চামড়া ছাড়ানোর ব্যবস্থাও করা হয়েছে। এর ফলে পশুর চামড়ার সঠিক বাজারমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।

দৈনিক ভোরে দুই ঘণ্টা চলবে কার্যক্রম

হাজারীবাগ ও কাপ্তান বাজার আধুনিক পশু জবাইখানার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে এই কমিটি সাময়িকভাবে রাজস্ব আহরণের দায়িত্ব পালন করছে।

ডিএসসিসির আদর্শ কর তফসিল এবং ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা ২০২৫’ অনুযায়ী চালানের মাধ্যমে দৈনিক ভিত্তিতে রাজস্ব আদায় করা হবে।

প্রতিটি ছাগল ও ভেড়া জবাইয়ের জন্য ২৫ টাকা এবং প্রতিটি গরু ও মহিষের জন্য ১০০ টাকা হারে রাজস্ব সংগ্রহ করবে কমিটি।

হাজারীবাগ আধুনিক পশু জবাইখানায় প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতের কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

এএম

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

রাষ্ট্রীয় কৌঁসুলি নিজেই নিরাপত্তার বাইরে

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি—প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, আদেশ ৭ সেপ্টেম্বর

‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি হলে জব্দ, দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক

কিচেন মার্কেট স্থানান্তরে মাইকিং, ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ