ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ সম্প্রতি প্রকাশিত ‘ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েনের পর, বাংলাদেশ কেন তুর্কি ট্যাংক কিনতে চায়?’ শিরোনামের প্রতিবেদনটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সোমবার ফেসবুকে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।
প্রেস উইয় এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ তুর্কি ট্যাংক কেনার কোনও সিদ্ধান্ত নেয়নি। মুখপাত্র বলেন, এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। আমাদের দেশ আত্মরক্ষার জন্য সক্ষমতা অর্জনের অধিকার সংরক্ষণ করে।
এর আগে গত ১০ জানুয়ারি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভারত সীমান্তের কাছে তুর্কি নজরদারি ড্রোন, বায়রাক্টার মোতায়েনের পর, বাংলাদেশ ২৬টি তুর্কি তুলপার হালকা ট্যাংক কেনার সিদ্ধান্ত নিয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা গত ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন। সেখানে বসেই তিনি বাংলাদেশবিরোধী নানা তৎপরতা চালিয়ে আসছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম, তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আসছে। একের পর এমন ঘটনায় প্রায়ই সেগুলো নিয়ে প্রতিক্রিয়া দিয়ে আসছে সিএ প্রেস উইং ফ্যাক্টস।