রাজধানীর হাজারীবাগে চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় ওই এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী মো. রাতুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ও ডিবি।
মঙ্গলবার দৈনিক আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের মুহাম্মদ তালেবুর রহমান। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাজারীবাগ থানা পুলিশ ও রমনা ডিবি পুলিশ রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, সেবা হোল্ডিং লিঃ এর নিরাপত্তা প্রহরী গোলাম কিবরিয়া খান (৪৯) হাজারীবাগ থানায় গত ১২ জানুয়ারি তার প্রতিষ্ঠানে অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ১০ জানুয়ারি সন্ধ্যায় ১৫/২০ জনের একটি দুষ্কৃতকারী দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ৭/৮টি মোটরসাইকেলে করে হাজারীবাগের রোড নং-৭/এ এর ধানমন্ডির ৩নং হোল্ডিং-এ নির্মাণাধীন ভবনের টিনের বেষ্টনীর ভেতর প্রবেশ করার চেষ্টা করে।
এলাকায় দায়িত্বরত হাজারীবাগ থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক বাধা দেওয়ার কারণে তারা ভবনের সামনে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ভবনের নিরাপত্তা বেষ্টনী পুড়িয়ে দেয়। এসময় দায়িত্বরত পুলিশ দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা করলে তারা তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ৭/৮ রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
এর আগে গত ৩০ ডিসেম্বরে উক্ত ভবনে প্রবেশ করে এই সন্ত্রাসী দল মামলার বাদি গোলাম কিবরিয়া খানকে ও তার নির্মাণ শ্রমিকদের ভয়ভীতি প্রদান করে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলে এবং তাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ভবনের মালিককে সেই নাম্বারে যোগাযোগ করতে বলে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
একইভাবে ৫ জানুয়ারি এই সন্ত্রাসী দলের দুজন সদস্য সেবা হোল্ডিং লি. এর নির্মাণাধীন বিল্ডিংটিতে গিয়ে নির্মাণ শ্রমিকদেরকে নির্মাণ কাজ বন্ধ করে চলে যেতে বলে এবং ভয়ভীতি প্রদর্শনের জন্য তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র হতে এক রাউন্ড ফাঁকা গুলি করে। এসময় ভবন নির্মাণ কাজ চালু রাখতে হলে পঞ্চাশ লাখ টাকা চাঁদা প্রদান করতে হবে মর্মে জানায়। এছাড়াও আশপাশের আরও কয়েকটি নির্মাণাধীন প্রজেক্টের ম্যানেজারদের ফোন করে চাঁদা দাবি করে এ সন্ত্রাসী গ্রুপটি।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত অস্ত্রধারী চাঁদাবাজ দলের সদস্য মো. রাতুল ইসলামকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাতুল গত শুক্রবার মোটরসাইকেল যোগে এসে অগ্নিসংযোগ ও গুলাগুলির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত রাতুলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় আরও একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।