হোম > জাতীয়

ইউপি নির্বাচন পরিচালনায় ব্যয় বাড়ছে ২৪৩%

গাজী শাহনেওয়াজ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২০২১ সালের নির্বাচন পরিচালনায় ব্যয় হয়েছিল ৪৪ কোটি ৪০ লাখ টাকা। বিবিধসহ মোট ৫৭টি খাতে ওই টাকা ব্যয় হয়। তবে আসন্ন ইউপি নির্বাচনের জন্য একই খাতে এবার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৫১ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত ব্যয় অনুযায়ী বরাদ্দ মিললে পাঁচ বছরের ব্যবধানে এ খাতের খরচ বাড়ছে প্রায় ২৪৩ শতাংশ।

এছাড়া ইউপি নির্বাচন উপলক্ষে ১২ খাতে কোডভিত্তিক পরিচালন ব্যয় ধরা হয়েছে ৮৪৪ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাসহ আসন্ন ইউপি নির্বাচনে মোট ব্যয় হতে পারে প্রায় তিন হাজার কোটি টাকা। বিশাল এই ব্যয় নির্বাহের জন্য শিগগির ইসিসহ সংশ্লিষ্ট তিন বিভাগের মধ্যে অর্থসংস্থানসংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইসি সূত্র ও নথিপত্র পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

এদিকে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের ৩,৯৮১টি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে আগামী অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে কমিশনকে। এ নির্বাচন আয়োজন নিয়ে সরকার ও ইসির ওপর নতুন করে মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক চাপ তৈরি হয়েছে। তবে ইসি সূত্র জানিয়েছে, তারা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের তফসিল ঘোষণার আগে চলতি মাসের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার চিন্তাভাবনাও রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির। যদি ইসি সংলাপে না বসে তাহলে তফসিল চলতি মাসেও হতে পারেÑএমন আভাস দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতির ব্যাপারে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গত সোমবার সাংবাদিকদের বলেন, নভেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে ইসির প্রস্তুতি শেষপর্যায়ে রয়েছে। যেকোনো সময় তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসির সূত্র জানায়, দেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ৪,৫৮১টি। এর মধ্যে চলতি বছরের মধ্যেই ৩,৯৮১টিতে ভোটগ্রহণ করতে হবে। তবে নির্বাচনের তারিখ নির্ধারণে পাবলিক পরীক্ষা ও ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে ইসিকে।

আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত স্কুলগুলোয় বার্ষিক পরীক্ষা নির্ধারিত রয়েছে। মূলত অধিকাংশ স্কুল-কলেজ ভবনকেই ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। ফলে এসব সূচি সমন্বয় করা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।

বিগত ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মোট সাতটি ধাপে। এর মধ্যে প্রথম ধাপে ৩৬৮টি, দ্বিতীয় ধাপে ৮৪০টি, তৃতীয় ধাপে ১,০০০টি, চতুর্থ ধাপে ৮৩৭টি, পঞ্চম ধাপে ৭০৮টি, ষষ্ঠ ধাপে ২১৬টি এবং সপ্তম ধাপে ১৩৬টি ইউপিতে ভোট হয়। এছাড়া বিশেষ বা অষ্টম ধাপে আরো ৯টিসহ মোট ৪,১১৪টি ইউপির নির্বাচন সম্পন্ন করা হয়েছিল। সে সময় পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে ইসির সময় লেগেছিল ১৯৬ দিন বা প্রায় ছয় মাস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার প্রয়োজনবোধে ধাপ কমবেশি হতে পারে। প্রথম ধাপে প্রায় ১,২০০টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। তবে এবার এক ধাপ থেকে অন্য ধাপের মধ্যে সময় আগের চেয়ে বেশি রাখা হবে। বিগত নির্বাচনে এক ধাপ থেকে অন্য ধাপের ব্যবধান কম থাকায় মাঠপর্যায়ে মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল নিষ্পত্তি, প্রতীক বরাদ্দ, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, প্রশিক্ষণ এবং ব্যালট পেপার পরিবহনে চরম জটলা ও বৈরী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

এমনকি এক এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্য এলাকায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের প্রশাসনিক অসুবিধার মুখে পড়তে হয়। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই এবার ধাপে ধাপে নির্বাচনের সময়সূচি পুনর্নির্ধারণ করছে ইসি।

যেভাবে বাড়ছে খরচের বহর

নির্বাচন পরিচালনা খাতের সম্ভাব্য ব্যয় পর্যালোচনায় দেখা যায়, ৪৭ হাজার ভোটকেন্দ্রের বেষ্টনী নির্মাণ, ভোটকক্ষ প্রস্তুতকরণ, মেরামত, মার্কিং প্লেস বা গোপন কক্ষ তৈরি, অস্থায়ী কেন্দ্র ও অতিরিক্ত ভোটকক্ষ নির্মাণে গত নির্বাচনে ব্যয় হয়েছিল ১৮ কোটি ৪৪ লাখ টাকা। আসন্ন নির্বাচনে এ খাতে প্রস্তাবিত ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে ৪৩ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের ব্যয়ের প্রায় আড়াইগুণ।

একই ভাবে আড়াই হাজার রিটার্নিং অফিসারের জন্য আগে বরাদ্দ ছিল তিন কোটি ৭৫ লাখ টাকা। এবার কর্মকর্তাপ্রতি ৫০০ টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে চার কোটি ৪০ লাখ টাকা। ব্যালট পেপার মুদ্রণ, স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহ, আচরণবিধি তদারকি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগসহ প্রতিটি ক্ষেত্রেই ব্যয় কয়েকগুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

কোডভিত্তিক ব্যয়ের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, অন্যান্য মনিহারি খাতে ৭১ কোটি ৯৯ লাখ, সম্মাননা ভাতা ৪৪৬ কোটি ৯৪ লাখ, যাতায়াত ভাতা ৯৬ কোটি, আপ্যায়ন ব্যয় ৯৬ কোটি ৭৪ লাখ, প্রচার ও বিজ্ঞাপন সাত কোটি, মুদ্রণ ও বাঁধাই ৫০ কোটি, যানবাহন ব্যবহার দুই কোটি, দায়িত্ব পালনকালে হতাহতদের জন্য ক্ষতিপূরণ বাবদ চার কোটি, অনিয়মিত শ্রমিকের মজুরি ১৭ কোটি ১৬ লাখ, জ্বালানি (পেট্রোল, ডিজেল ও লুব্রিকেন্ট) ৪৬ কোটি ৬০ লাখ, দৈনিক ভাতা এক কোটি ৮২ লাখ এবং পরিবহন ব্যয় তিন কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে কোডভিত্তিক পরিচালনা ব্যয় দাঁড়াবে ৮৪৪ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা।

আইন ও বিধিমালা সংস্কার

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইসি প্রস্তুতির শেষ ধাপে আইন ও আচরণ বিধিমালা সংস্কারের কাজ চূড়ান্ত করছে। গত মাসেই স্থানীয় সরকার নির্বাচন আইন এবং স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের জন্য পৃথক আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলেই এগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।

তবে স্থানীয় সরকার আইনের খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করা হলেও এখনো তা সরকারের কাছে পাঠায়নি। কারণ, সংলাপে বসে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার পর তা সরকারের কাছে পাঠাতে চায় ইসি। তাই দুয়েকজন কমিশনার সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে তফসিল ঘোষণার কথা বললেও তা কতটুকু বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ইসির অনেকেই বলছেন, কমিশনারদের মধ্যে সমন্বয়ে ঘাটতি ও তথ্য আদান-প্রদানে লুকোচুরির কারণে বিভ্রান্তিমূলক খবর চাউর হচ্ছে।

চূড়ান্ত ভোটার তালিকা

ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। ভোটার স্থানান্তরের আবেদন করার শেষ সময় ৭ সেপ্টেম্বর এবং তা নিষ্পত্তির সময় ১০ সেপ্টেম্বর নির্ধারণ করে দিয়েছে ইসি। এ প্রক্রিয়া শেষ হলেই চূড়ান্ত ভোটার তালিকা মুদ্রণে যাবে কমিশন।

এমই

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

রাজধানীতে হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় এইচআরএসএসের নিন্দা

কচুয়া-বেতাগী সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ: জামাল

বৃষ্টির মাঝেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

জ্বালানি সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী