হোম > জাতীয়

সিআইডির সাহসিকতায় ছিনতাইকারী গ্রেপ্তার, ৭৭ হাজার টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর শান্তিনগর এলাকায় সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিক সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন। এ সময় ছিনতাইকৃত নগদ ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে একটি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এরিয়া ম্যানেজার তৌহিদ আলমগীর (৪৪) শান্তিনগর এলাকা থেকে রিকশাযোগে নিজ বাসা পূর্ব গোড়ানের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

সিআইডির ঢাকা মেট্রো (ডিটেকটিভ ট্রেনিং স্কুল ভবন) অফিসের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা ধারালো চাকু প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা চালায়।

এ সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে সাড়া দিয়ে ঘটনাস্থলের পাশেই অবস্থানরত সিআইডি ঢাকা মেট্রো-উত্তর বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. মনির হোসেন একাই ছিনতাইকারীদের ধাওয়া করেন। অসাধারণ সাহসিকতা ও তাৎপর্যপূর্ণ তৎপরতার মাধ্যমে তিনি এক ছিনতাইকারীকে পেছন থেকে জাপটে ধরে আটক করতে সক্ষম হন। এ সময় ধারালো চাকুসহ অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

আটককৃত ছিনতাইকারীর নাম মো. সাইদুজ্জামান সোহেল (৫২)। তার স্থায়ী বাড়ি কুমিল্লার হোমনা থানার ঘনিয়ারচর এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূইঘর এলাকায় বসবাস করছেন। তার হেফাজত থেকে ছিনতাইকৃত সম্পূর্ণ ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত আসামি একজন পেশাদার ছিনতাইকারী এবং আন্তঃজেলা ডাকাতদল ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। সে ও তার সহযোগীরা ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ছিনতাই, ডাকাতি ও অজ্ঞান পার্টির মাধ্যমে পথচারীদের সর্বস্ব লুটের ঘটনার সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, আটককৃত সাইদুজ্জামানের বিরুদ্ধে ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ, মতিঝিল, পল্টন, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে। অতীতেও বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনায় সে গ্রেফতার হয়েছে।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত অর্থ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেছেন।

সশস্ত্রবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি

বিদায়বেলায় জাতিকে যে নসিহত করে গেলেন ড. ইউনূস

রোহিঙ্গা ইস্যুতে যা বললেন প্রধান উপদেষ্টা

পররাষ্ট্রনীতির তিন মূল ভিত্তি আমরা দৃঢ়ভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি

সশস্ত্রবাহিনী ও রাজনীতিবিদদের ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা

১৬ বছরের স্বৈরাচারি শাসন জাতির জন্য গভীর ও বেদনাদায়ক শিক্ষা

একটি সমাজ তখনই উন্নত হয়, যখন নারীরা সম্মানিত হন

৬০০ নির্বাহী আদেশ জারি, বাস্তবায়ন ৮৪ শতাংশ

এই নির্বাচন আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে

৫ আগস্টকে স্মরণ করে যা বললেন প্রধান উপদেষ্টা