হোম > জাতীয়

দুদক স্বাধীনভাবে কাজ করবে বলে প্রত্যাশা টিআইবির

স্টাফ রিপোর্টার

বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবি বলছে, দুদক এখনো কমিশনহীন রয়েছে। সম্প্রতি দুদক চেয়ারম্যান নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠিত হয়েছে। নেতৃত্বগুণসম্পন্ন এক ব্যক্তিকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে প্রত্যাশা করেছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে ‘জাতীয় খানা জরিপ ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, দুদক প্রভাবমুক্ত হয়ে কাজ করবে। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর কাছে নত হবে না। সরকারের ৩১ দফা বাস্তবায়নের যে অঙ্গীকার রয়েছে, তিনি সেটি স্মরণে রাখবেন।

টিআইবি জানায়, কর্তৃত্ববাদী সরকার পতনের পর ছাত্র-জনতার বৈষম্যহীন, সুশাসিত, দুর্নীতিমুক্ত, সম-অধিকারভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যাশার বিপরীত চিত্র লক্ষ করা যায়। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে জরিপের আওতাভুক্ত সেবাখাতগুলোতে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে।

খানা জরিপ ২০২৩-এর তুলনায় ২০২৫ সালে জাতীয়ভাবে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া খানার হার বেড়েছে (যথাক্রমে ১৫.১ শতাংশ ও ২৫.২ শতাংশ)। ২০২৩ সালের মতোই খানা জরিপ ২০২৫-এ সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের শিকার হয়েছে পাসপোর্ট ও বিআরটিএ থেকে সেবা নিতে গিয়ে। তবে ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে খানাপ্রতি গড় ঘুষের পরিমাণ ৯.৮ শতাংশ কমেছে। খানা জরিপ ২০২৫-এ গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি ছিল যথাক্রমে বিচার-সংশ্লিষ্ট সেবা, ব্যাংকিং ও ভূমি খাতে।

অপরদিকে, খানা জরিপ ২০২৫-এ জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা, যা ২০২৩ সালের তুলনায় ১৫.৯ শতাংশ বেশি এবং ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের (সংশোধিত) ১.৫৮ শতাংশের সমান।

টিআইবি আরও জানায়, একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বিচারিক সেবায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার অব্যাহত রয়েছে, যা সাধারণ জনগণের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা। অন্যদিকে কৃষি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট এবং বিআরটিএর মতো জনগুরুত্বপূর্ণ খাতে দুর্নীতি ও ঘুষের হার বেড়েছে বা একই রকম রয়েছে, যা মানুষের দৈনন্দিন জীবনে স্বাভাবিক সেবাপ্রাপ্তির অধিকারকে বাধাগ্রস্ত করছে।

এসআর

বাংলাদেশিদের জন্য ফের চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

প্রাথমিকে সংগীত, নৃত্য-নাট্যকলা গ্র্যাজুয়েটদের শিক্ষকতায় নতুন সুযোগ: ববি হাজ্জাজ

৫০ বছরেও আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ

মেগা প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে মেগা দুর্নীতি

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে

লাইসেন্স ছাড়া বেতারযন্ত্র বা ওয়াকিটকি ব্যবহারে কঠোর ব্যবস্থা: বিটিআরসি

মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য