হোম > জাতীয়

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

আমার দেশ অনলাইন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যা এ যাবতকালের যেকোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক রাজনৈতিক দলের অংশগ্রহণ। আগের নির্বাচনগুলোতে এর চেয়ে বেশি প্রার্থী কখনও দেখা যায়নি। এই নির্বাচন গণতান্ত্রিক যাত্রায় ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে শুধু জনপ্রতিনিধি নয়, আমরা ঠিক করছি বাংলাদেশ কোন পথে এগোবে।

তিনি আরো বলেন, ফলাফল যাই হোক ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। আমি আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান।’

অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জানিয়ে ড. ইউনূস বলেন, এবার রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সবাই সঠিক দায়িত্ব পালন করবে বলে আশা রাখি।

তিনি বলেন, ইতিহাস আমাদের শিক্ষা দেয় একটি ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ বা সহিংসতাপূর্ণ নির্বাচন শেষ পর্যন্ত কারও জন্যই মঙ্গল বয়ে আনে না বরং দেশের বিপদ ডেকে আনে। যারা জনগণের মতামত উপেক্ষা করে শক্তি ও অনিয়মের মাধ্যমে থাকতে চেয়েছে তারা সবাই শেষ পর্যন্ত জনগণের আদালতে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হয়েছে।

গুজব থেকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনি প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা দেখছি, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় এবং বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই- নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা এবং জনগণের আস্থাকে দুর্বল করা।

তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করছি, সতর্ক থাকুন, দায়িত্বশীল থাকুন। যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সত্য। নির্বাচন ঘিরে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সন্দেহ সৃষ্টি করেছিল তারা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে। আপনারা সব অপপ্রচার থেকে নিজেকে মুক্ত রাখুন। তথ্য যাচাইয়ের জন্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন। নির্বাচন বন্ধু হটলাইন ৩৩৩-এ কল করে সঠিক খবর জেনে নিন।

ভয় নয় আশা নিয়ে, উদাসীনতা নয় দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয় ঐক্যের শক্তি নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমেই আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্মাণ করতে জানে। আপনার ভোটে রচিত হবে গৌরবময় আগামীর বাংলাদেশের ইতিহাস।

নতুন বাংলাদেশের রুপকল্প নিয়ে ফিউচার ইনস্টিটিউটের কর্মকৌশল প্রতিবেদন প্রকাশ

তিন উপদেষ্টার সম্পদ কমেছে

যে উপদেষ্টাদের সম্পদ বেড়েছে

জাতির উদ্দেশে ভাষণে যা যা বললেন প্রধান উপদেষ্টা

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, শপথের দিন ঠিক

সবচেয়ে ‘ধনী’ উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিজয়ীদের কাছে দ্রুতই ক্ষমতা হস্তান্তর করবে সরকার

বর্তমান উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ‘গরিব’ ফরিদা আখতার

প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি, দায়িত্ব গ্রহণের আগে কত ছিল?

৯ দিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ৮৪৭ কোটি টাকা