হোম > জাতীয়

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার পাশাপাশি যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য শিক্ষার্থীদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণ এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার জাতীয় সংসদ ভবনে পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সংসদ ভবন পরিদর্শন করেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষকও এই পরিদর্শনে অংশ নেন।

সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তিনটি সুনির্দিষ্ট বিষয়ে পরামর্শ দেন। প্রথমত, নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। দ্বিতীয়ত, নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তাঁরা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তাঁরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী