হোম > জাতীয়

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

দেশের ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকারের নতুন সিদ্ধান্ত। তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে অর্জিত আয়ের ওপর এত দিন সাড়ে ৭ শতাংশ হারে উৎসে কর কাটা হলেও প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে তা পুরোপুরি বন্ধ করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের পর বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক ইতোমধ্যে ফ্রিল্যান্সিং আয়ের ওপর উৎসে কর কর্তন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। একইসঙ্গে ব্যাংকটি জানিয়েছে, যেসব ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে কর বাবদ অর্থ কেটে নেওয়া হয়েছে, তা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার ডাচ-বাংলা ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডাচ-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ বলেন, আইটি ফ্রিল্যান্সারদের আয়ের ওপর আগে থেকেই নির্ধারিত নিয়ম অনুযায়ী সাড়ে ৭ শতাংশ হারে উৎসে কর কাটা হতো। তবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে এখন থেকে এ আয় থেকে আর কোনো কর কাটা হবে না।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করেছে। পাশাপাশি যেসব ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে কর কেটে নেওয়া হয়েছে, সেই অর্থ কীভাবে দ্রুত ফেরত দেওয়া যায় সে বিষয়েও কার্যক্রম শুরু হয়েছে।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এ যুগান্তকারী নির্দেশনা এবং ব্যাংকের দ্রুত উদ্যোগের ফলে দেশের আইটি ও ফ্রিল্যান্সিং খাত আরও এক ধাপ এগিয়ে যাবে।

উল্লেখ্য, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয় বা রেমিট্যান্সের ওপর ৭ দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর কাটা হচ্ছে—এমন অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭ দশমিক ৫ শতাংশ কর আরোপ না করার আশ্বাস দেন তিনি। রোববার সচিবালয়ে জনপ্রিয় ফেসবুক পেজ চিত্ত মিডিয়া প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।

বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ৭ দশমিক ৫ শতাংশ কর আরোপের গুঞ্জন সম্পর্কে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন এবং এমন কর আরোপ না করার পক্ষে মত দেন।

এমই

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন