হোম > জাতীয়

ভূমি অনলাইন সার্ভার ডাউন, সারাদেশে নজিরবিহীন জনভোগান্তি

সরদার আনিছ

দেড় মাসেরও বেশি সময় ধরে ভূমিসেবার অনলাইন সার্ভার ডাউন থাকায় একদিকে বিপাকে পড়েছেন সারাদেশের সেবাপ্রত্যাশী গ্রাহক, অন্যদিকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। কবে নাগাদ সার্ভারটি ঠিক হবে, সেটিও কেউ বলতে পারছেন না। নজিরবিহীন এ ভোগান্তির কারণে সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অনলাইন সার্ভার ডাউন থাকায় জমির সর্বশেষ খতিয়ান সৃষ্টি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর পরিশোধ করা ও জমি ক্রয়-বিক্রয়ের কাজ করতে না পেরে সারাদেশের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

ভূমি অটোমেশন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ইফতেখার হোসেন বলেন, ২৬ থেকে ৩০ নভেম্বর সার্ভার বন্ধ ছিল। এরপর ১ ডিসেম্বর থেকে সার্ভার চালু আছে। কিন্তু যান্ত্রিক ও সিস্টেমগত ত্রুটির কারণে সমস্যা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের কোনো নিজস্ব সার্ভার নেই, তাই আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সার্ভার ব্যবহার করি। ফলে কী ধরনের সমস্যা চলছে এবং তা সমাধানে কতদিন লাগবে, এ বিষয়ে তারাই সবচেয়ে ভালো বলতে পারবে।

তবে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) এমদাদুল হক চৌধুরী বলেন, ৪ দিন সার্ভার বন্ধ ছিল। ভার্সন-২ সিস্টেম হালনাগাদ করার কারণে সমস্যা হচ্ছে। বর্তমানে মিউটেশনে সমস্যা থাকলেও ইতোমধ্যে ভূমি উন্নয়ন কর ও খতিয়ানসেবা চালু করা হয়েছে। সেটি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। অচিরেই এ অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হবে। সাময়িকভাবে কিছুটা সমস্যা হলেও পুরোপুরি দ্বিতীয় প্রজন্ম সিস্টেম হালনাগাদ হয়ে গেলে অনেক উন্নত সেবা পাবেন গ্রাহক।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর থেকে সারাদেশে ভূমি সেবা অনলাইন সার্ভারে সমস্যা চলছে। সফটওয়্যারগুলো ধীরগতিসম্পন্ন হওয়ায় ই-নামজারি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর ও খতিয়ানসেবা পেতে অসুবিধা হচ্ছে। সেবাপ্রাপ্তিতে গতি বৃদ্ধি করতে কাজ করা হচ্ছে। অনলাইন-সংক্রান্ত প্রয়োজনীয় ম্যানুয়েল তৈরি করে সরবরাহ করা হচ্ছে। আর এ কাজ ভালোভাবে সম্পন্ন করার কথা বলে সার্ভার বন্ধ রাখা হয়। কিন্তু দেড় মাসেরও বেশি সময় ধরে ভূমিসেবার অনলাইন সার্ভার ডাউন থাকায় সারাদেশের উপজেলা পর্যায়ে ভূমিসেবা কার্যক্রমে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।

উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে প্রতিদিন শত শত মানুষ ভূমিসেবা পেতে যাতায়াত করে থাকেন। জমির কাগজপত্র ঠিক করা, ভূমি উন্নয়ন কর দেওয়া, ই-নামজারির কাজ করা, খতিয়ানসেবা নিতে ভূমি অফিসে যাওয়া শত শত মানুষ ‘অনলাইন সার্ভার বন্ধ, পরে আসুন’- এমন বক্তব্য শুনতে শুনতে হতাশ হয়ে পড়েছেন। কবে নাগাদ এ অবস্থার উন্নতি হবে, তাও কেউ বলতে পারছেন না।

রাজশাহী সদরের আব্দুল ওয়াদুদ জানান, ইউনিয়ন ভূমি অফিসে দেড় মাস ধরে শত শত মানুষ হাঁটছেন; কিন্তু সার্ভার কাজ করছে না শুনতে শুনতে সবাই হতাশ। নামজারির কাজ করতে পারছেন না কেউ।

যশোরের হৈবতপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আরিফুল আলম বলেন, সার্ভার ডাউন থাকার কারণে কোনো কাজ করা যাচ্ছে না। কোনো একটি কাজ করতে গেলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে প্রতিদিন শত শত মানুষ ঘুরে যাচ্ছেন। কিন্তু আমাদের কী করার আছে। কবে নাগাদ এ অবস্থার উন্নতি হবে, তাও কেউ বলতে পারছেন না। টানা দেড় মাস ধরে সার্ভার ডাউন থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ