অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজার গেলেন। সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টা সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কার্যকর সহযোগিতা কামনা করবেন।
জানা গেছে, রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা ও সরকারের উচ্চপদস্থ নীতিনির্ধারকরা।
অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুটিকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। গত রমজানে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প সফর করেছিলেন। সে সময় প্রধান উপদেষ্টা বলেছিলেন, আগামী ঈদ যেন রোহিঙ্গারা তাদের দেশে উদযাপন করতে পারে। সেই আলোকে রোহিঙ্গা সংকট যাতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয় সেজন্য তিনটি আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা নেয়া হয়।
সুত্র বলছে, ৩০ সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলন হবে জাতিসংঘে। সেখানে ১৭০ দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তারপর কাতারের দোহাতে আরেকটা বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার।
স্টেকহোল্ডারদের নিয়ে এই ডায়ালগের আয়োজন করছে রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ আগস্ট শুরু হওয়া এ সম্মেলন চলবে ২৬ আগস্ট পর্যন্ত।