হোম > জাতীয়

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা কী, জামায়াত এমপির প্রশ্নে যা বললেন মন্ত্রী

আমার দেশ অনলাইন

ভারতের সঙ্গে দেশের বাণিজ্য ঘাটতি এবং তা কমানোর কোনো পরিকল্পনা সরকারের আছে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাণিজ্য ঘাটতিকে শুধু একটি নির্দিষ্ট দেশের দৃষ্টিতে না দেখে সামগ্রিকভাবে দেখা উচিত। বিশ্বের অনেক দেশেই আমদানির তুলনায় রপ্তানি কম হয়ে থাকে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বড় দুটি ঘাটতির দেশ হলো ভারত ও চীন। তবে বিষয়টিকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত সার্বিক রপ্তানি সক্ষমতা বাড়ানো। এই লক্ষ্য অর্জনে সরকার চামড়া, পাট, জাহাজ নির্মাণ, হালকা প্রকৌশল এবং সেমিকন্ডাক্টরের মতো সম্ভাবনাময় বেশ কয়েকটি খাতকে বিশেষভাবে চিহ্নিত করেছে।

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিসংখ্যান তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, গত অর্থবছরের তুলনায় ২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি আরও কিছুটা বেড়েছে। বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ মাত্র ১ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, আর বাকি বিশাল অংশজুড়ে ভারত আমাদের দেশে পণ্য রপ্তানি করে থাকে। তিনি উল্লেখ করেন, ভারতের রপ্তানি সক্ষমতা রয়েছে বেশ কয়েকটি খাতে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ভারতের দিক থেকে কিছু বাধার পাশাপাশি সাম্প্রতিককালে গত দুই বছরে আমাদের দিক থেকেও কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো দেশ থেকেই সরকার সরাসরি আমদানি করে না। মূলত বেসরকারি খাতের ব্যবসায়ীরাই আমদানি কার্যক্রম পরিচালনা করে থাকেন। অন্যান্য উৎসের তুলনায় কম মূল্যে বা বেশি সুবিধাজনক শর্তে যেখানে পাওয়া যায়, ব্যবসায়ীরা সেখান থেকেই পণ্য আমদানিতে উদ্যোগী হন।

তিনি আরও জানান, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও প্রতিবন্ধকতা দূর করতে সম্প্রতি একটি ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। এ সময় দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়, যাতে বাংলাদেশ ইতিবাচক আগ্রহ দেখিয়েছে। এভাবে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে ভারতের বাজারে দেশের রপ্তানি বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে সংসদে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

২ হাজার ৩৮ নিখোঁজ শিশু এখনো উদ্ধার হয়নি

সংসদে গাজী নজরুল অনুপস্থিত, স্পিকারের এক কথায় হাসির রোল

যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যে শ্রমিকের চাহিদা বাড়বে: মন্ত্রী

নতুন প্রকল্প নেওয়া হলে হানজালার দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন নুর

দশম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

২৭৬ কোটি টাকা আত্মসাৎ: হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

স্পিকারের মানবিক আচরণের প্রশংসা করলেন মির্জা আব্বাস

প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে চায় বাংলাদেশ-চীন

তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা, সংসদে বাণিজ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী