হোম > জাতীয়

সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের

আমার দেশ অনলাইন

দেশের একমাত্র বিশেষায়িত ন্যাশনাল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম চালু এবং হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করতে ভবন-২ নির্মাণের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

রোববার জাতীয় সংসদে স্পিকার তাকে দুই মিনিটের জন্য বক্তব্য দেওয়ার সুযোগ দিলে তিনি এ দাবি জানান।

মাহবুবা হাকিম বলেন, গ্যাস, বিদ্যুৎ ও রাজনৈতিক নানা অস্থিরতার মাঝেও ১৫ আগস্ট ২০২৬ প্রধানমন্ত্রী এক বক্তব্যে বলেছিলেন, ‘চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না, এমন রাষ্ট্র গড়তে চাই।’ প্রধানমন্ত্রীর সেই অঙ্গীকারে অনুপ্রাণিত হয়ে একজন গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের সহধর্মিণী হিসেবে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির পক্ষ থেকে মহাখালীতে অবস্থিত ন্যাশনাল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম দ্রুত চালুর বিষয়টি তুলে ধরছি।

তিনি বলেন, একই সঙ্গে হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করার লক্ষ্যে ভবন-২ নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য বলেন, ২০২৫-২৬ অর্থবছরের লিভার ট্রান্সপ্লান্ট-সংক্রান্ত পাঁচ ধরনের যন্ত্রপাতি এরইমধ্যে ইনস্টিটিউটে এসে পৌঁছেছে। বাকি ১০ ধরনের যন্ত্র আগামী মাসে আসবে। এগুলো স্থাপন ও কার্যক্রমের জন্য প্রস্তুত করতে প্রায় দুই মাস সময় লাগবে।

এখন প্রয়োজন এরইমধ্যে প্রায় ৪৫ জন সদস্য নিয়ে গঠিত টিমের প্রয়োজনীয় বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা—উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে প্রথম ২০১০ ও ২০১৯ সালে সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট করা হলেও পরে তা বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ২০২৩ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর লিভার সিরোসিসে আক্রান্ত হলে তার মেডিকেল বোর্ড জানিয়েছিল, প্রয়োজনীয় চিকিৎসা বাংলাদেশে দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনাই দেশের বাস্তবতার একটি দুঃখজনক উদাহরণ।

মাহবুবা হাকিম বলেন, একজন সাধারণ লিভার রোগীর বেঁচে থাকার শেষ ভরসা হয়ে দাঁড়ায় ভারত ও সিঙ্গাপুরের মতো দেশ। সেখানে লিভার ট্রান্সপ্লান্টের ন্যূনতম খরচ প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা।

তিনি বলেন, ‘স্পিকার, আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে সরকারের প্রতি বিনীত অনুরোধ—অতি দ্রুত দেশের একমাত্র বিশেষায়িত ন্যাশনাল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টের প্রাতিষ্ঠানিক ও নিয়মিত কার্যক্রম চালু করা হোক।’

একই সঙ্গে ২০২৪ সালে বরাদ্দ করা সাড়ে ৩ একর জমি ব্যবহার করে হাসপাতালের ভবন-২ নির্মাণের কাজ দ্রুত শুরু করারও দাবি জানান তিনি।

ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাফরুল থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার যুথী কারাগারে

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আটক ১

অক্টোবরে ডেঙ্গুর বড় ধাক্কা সামলাতে এখনই নামতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের ডাকঘর আধুনিকায়নে চীনা কোম্পানির বিনিয়োগের প্রস্তাব: মন্ত্রী

সংঘর্ষ নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর প্রশিক্ষণ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব

শাহজালালে বিমানমন্ত্রী: ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ