বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও সংগঠনটির অন্যতম সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফিসহ বেশ কয়েকজনের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না।
এর আগে গত বুধবার থেকে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার আইডি খুঁজে পাওয়া না গেলেও আজকে তা সচল দেখা গেছে।
গত বুধবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের আইডিগুলো। অনেকেই বলছেন, এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে। তবে জানা যায়, হ্যাকার গ্রুপ কর্তৃক আইডি ডিজেবলের শঙ্কা থেকে সতর্কতা স্বরূপ তারা আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন।
এ বিষয়ে ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ গণমাধ্যমকে জানান, আমি ও সভাপতি সাদিক কায়েম ভাইসহ অন্যান্যরা আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। আওয়ামী লীগের সাইবার টিম কয়েকটি আইডি ডিজেবল করে দিয়েছে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে হয়ত অনেকে নিজ থেকে আইডি ডিজেবল করে রেখেছে।
ছাত্রনেতাদের আইডি খুঁজে না পাওয়ার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল থেকে জাহিদ আহসান আমার দেশকে বলেন, গতকাল থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ বেশ কয়েকজনের আইডি খুঁজে পাওয়া যাচ্চে না। তবে আজকে থেকে আসিফ মাহমুদের আইডি অ্যাক্টিভ রয়েছে। হ্যাক হওয়া থেকে আইডি বাঁচাতে ডিঅ্যাক্টিভেট রেখেছেন বলে তারা জানান।