হোম > জাতীয়

বিটিভিতে ঈদের অনুষ্ঠানের নামে লুটপাট

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের দিনে আনন্দমেলা নামের ৫০ মিনিটের এক অনুষ্ঠানে সম্মানী বাবদ ব্যয় দেখানো হয়েছে ২৬ লাখ ৯৭ হাজার টাকা। অনুষ্ঠানে অংশ না নিয়েও এক খ্যাতিমান অভিনেতা পেয়েছেন লাখ টাকার সম্মানী। বিল বাড়াতে ৫০ মিনিটের অনুষ্ঠানের ব্যাপ্তি করা হয়েছে ২০০ মিনিট। স্ক্রিপ্ট রাইটিংয়ের বিলের পাশাপাশি নৃত্যনাট্যের নামে একই ব্যক্তি নিয়েছেন অতিরিক্ত এক লাখ ৬৩ হাজার টাকার সম্মানী।

সরকারের লোকসানি এই প্রতিষ্ঠানটিতে কার্যত চলছে দেদারসে লুটপাট। সেইসঙ্গে বিগত ফ্যাসিবাদী সরকারের সহযোগী শিল্পীরা এখন বিটিভির বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত অংশ নিচ্ছেন। ঈদের এই আলোচিত অনুষ্ঠানেও তাদের একচ্ছত্র প্রভাব ছিল এবং সম্মানী বাবদ দেওয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা । বিটিভির বিভিন্ন অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিকল্পনার সঙ্গে জড়িত এই গোষ্ঠী।

এবারের ঈদে বিটিভির একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান আনন্দমেলা উপস্থাপনা করেছেন আওয়ামীপন্থি অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন কবির বকুল। অনুষ্ঠানটি ৫০ মিনিটের হলেও সম্মানী বাড়ানোর জন্য দেখানো হয়েছে ২০০ মিনিটের অনুষ্ঠান হিসেবে। সম্মানী দেওয়ার ক্ষেত্রে বিটিভির বিধিবদ্ধ নিয়মনীতি লঙ্ঘন করা হয়েছে।

অনুষ্ঠানকে মৌলিক রচনা হিসেবে দেখিয়ে কবির বকুলকে সম্মানী দেওয়া হয়েছে ৫৯ হাজার ১২৫ টাকা। আবার তাকে নৃত্যনাট্যের জন্য মিনিটপ্রতি এক হাজার ৯৬৯ টাকা ধরে অনুমোদন দেওয়া হয়েছে অতিরিক্ত এক লাখ ৬৩ হাজার ৬০ টাকা । ৫০ মিনিটের একটি অনুষ্ঠানের গ্রন্থনা বা স্ক্রিপ্ট লেখার জন্য এত বিপুল অঙ্কের সম্মানী বিটিভির ইতিহাসে বিরল ঘটনা। আফরান নিশোকে উপস্থাপনার জন্য সম্মানী দেওয়া হয়েছে এক লাখ ১১ হাজার টাকা ।

অনুষ্ঠানে কণ্ঠশিল্পী রুনা লায়লার সম্মানী ধরা হয়েছে ২ লাখ ২২ হাজার ২০০ টাকা। অন্যদিকে তার স্বামী অভিনেতা এম এ আলমগীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও বিস্ময়করভাবে তার সম্মানী ধরা হয়েছে ১ লাখ ১১ হাজার ২০০ টাকা।

আওয়ামীপন্থি অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের সম্মানী দেখানো হয়েছে ৬৭ হাজার টাকা। আবার একই অনুষ্ঠানে নৃত্যনাট্য পরিবেশনের জন্য সম্মানী ধরা হয়েছে এক লাখ ৯৫ হাজার টাকা। অন্যদিকে শিল্পী বেবি নাজনীনের সম্মানী ধরা হয়েছে ২ লাখ ২২ হাজার ২০০ টাকা। বিশেষ শ্রেণির শিল্পীর ক্যাটাগরিতে নাজমুন মুনিরা ন্যানসির সম্মানী ধরা হয়েছে ৫৬ হাজার টাকা। অভিনেত্রী সাবিলা নুরের সম্মানী দেয়া হয়েছে ৪৪ হাজার ৫০০ টাকা।

বিটিভির একাধিক সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ সব পদে এখনো ফ্যাসিবাদের সহযোগীরা বসে আছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী চলছে সব অনুষ্ঠান।

ঈদ আনন্দমেলা অনুষ্ঠানটির সহযোগী প্রযোজক ইয়াসমিন আখতারের কাছে সম্মানীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এবারের অনুষ্ঠানটি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে। তিনি স্বীকার করেন অভিনেতা আলমগীর হোসেন এই অনুষ্ঠানে অংশ নেননি। কণ্ঠশিল্পী রুনা লায়লার সম্মানী ৩ লাখ টাকা দেওয়ার জন্য স্বামী ও স্ত্রীর নামে আলাদা বিল দেখানো হয়েছে। একইভাবে অনুষ্ঠানের স্ক্রিপ্ট রাইটার কবির বকুলকে নৃত্যনাট্যের জন্য আলাদা বিল দেওয়া হয়েছে।

বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম এ বিষয়ে জানান, ঈদের এই অনুষ্ঠানের সঙ্গে দাপ্তরিকভাবে তার কোনো সম্পৃক্ততা ছিল না। সে কারণে এ বিষয়ে তিনি কিছু জানেন না।

এভাবে সম্মানী দেওয়া কতটা বিধিসম্মত, সে বিষয়ে জানতে চাইলে বিটিভির সাবেক উপমহাপরিচালক কামরুন্নেসা হাসান বলেন, শিল্পী ও লেখকদের সম্মানীর ক্ষেত্রে অতীতে কখনো বিধিবদ্ধ নিয়ম লঙ্ঘন করা হতো না। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড অনৈতিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিটিভির যেকোনো অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের নানা ক্যাটাগরিতে ভাগ করে সম্মানী দেওয়ার বিধিবদ্ধ নিয়ম রয়েছে। একুশে পদক বা স্বাধীনতা পদকের মতো জাতীয় পুরস্কার পাওয়া অতিথিদের ক্ষেত্রে ২৫ শতংশ পর্যন্ত সম্মানী বাড়ানোর নিয়ম রয়েছে। কিন্তু আনন্দমেলা অনুষ্ঠানের নামে যে সম্মানী নির্ধারণ করা হয়েছে, তাতে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি।

এআরবি

আমার দেশ প্রথম দফায় বন্ধের কালো দিন আজ

দেড় মাসের মধ্যে দ্বিতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপ্রতিমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি টাকা, ঈদযাত্রা ছিল নিরাপদ

সমাজকল্যাণমন্ত্রীর বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব

তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়েছিলেন জিয়াউর রহমান

ভিসা নিয়ে অভিবাসনে ইচ্ছুকদের সুখবর দিল মার্কিন দূতাবাস

২০২১ পরিবারের মাঝে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের গোশত বিতরণ

৭৭ দিনে হাম ও উপসর্গে ৫৮৫ শিশুর মৃত্যু