স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী চৌধুরী বলছেন, ছাত্র-জনতার আন্দোলনে জুলাই-আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন তাদেরকে কারাগারের বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়া হবে।
রোববার ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কারাগারের জরুরি সেবা হট লাইন নম্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারে বন্দীদের স্বজনদের জন্য ০৯৬১২০২১৬৯০ জরুরি সেবা হটলাইন নম্বর উদ্বোধন করা হলো। এই নম্বরে ফোন করে বন্দী সম্পর্কে যেসব বিষয় জানতে পারবেন তা হচ্ছে- বন্দির অবস্থান সম্পর্কিত তথ্য, বন্দির হাজিরা, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দীর শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য, প্যারোলে মুক্তি ও অভিযোগ সম্পর্কিত তথ্য। এই হটলইন সার্বক্ষণিক খোলা থাকবে।
জুলাই বিপ্লবে জেলখানা ভেঙ্গে যে সকল কয়েদী পালিয়ে সংক্রন্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৭০০ জন বাহিরে আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটকের চেষ্টা চালাচ্ছে। তদন্তে কোনরকম ঘাটতি বা ব্যর্থতা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন ঘাটতি নাই, যাতে ঠিকমত তদন্ত হয় সেজন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে ।
শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, শীঘ্রই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আমরা সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।
পুলিশের স্বল্পতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশের স্বল্পতা নাই, তবে আগের মত পুলিশের কাজে গতি নাই। গতি কমে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারাগার গুলোতে ধারণ ক্ষমতার তুলনায় বন্দীর সংখ্যা বেশি। তাই হয়তো কোন সমস্যা হতে পারে।
রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় কতজন দাগী আসামি বের হয়েছে সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, সাধারণ ক্ষমা কারও জন্য ঘোষণা করা হয়নি।
এর আগে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে কারারক্ষীদের সালাম গ্রহণ করেন। পরে তিনি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কার্যালয়, কারা মনন চর্চা, কারা চৌকা (রান্না ঘর), কারা মক্তব ও কারা হাসপাতাল পরিদর্শন করেন। এরপর তিনি বিভিন্ন সেলে বন্দীদের সঙ্গে কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এনডিসি, পিএসসি, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল মোহাম্মদ মোস্তফা কামাল, উপ কারা মহাপরিদর্শক ঢাকা বিভাগ মো. জাহাঙ্গীর কবির, কেন্দ্রীয় কারাগারের জেলার একেএএম মাসুম, এডিশনাল পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম প্রমুখ।
এমবি