২৭ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দিনগত রাতে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। দুদকেরে উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক পরিচালক আব্দুল মাজেদের নেতৃত্বে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে দুদক কার্যালয়ে আনা হয়েছে। গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে গত মঙ্গলবার মামলা করে দুদক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের নিজ নামে মোট ৭২ কোটি ৮৫ টাকার বেশি সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। যার বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৫৩ কোটি ৫৩ লাখ টাকার বেশি।
এক্ষেত্রে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২৭ কোটি ৮৬ লাখ টাকার বেশি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়।
জানা গেছে, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বড় বড় সরকারি কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি আমদানির নামে ভুয়া এলসি খুলে বিদেশে টাকা পাচারের একটি অভিযোগ ২০২৩ সাল থেকে চলমান আছে ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে গত ১৬ বছরে রেলের বিভিন্ন প্রকল্পের কাজ নেওয়ার অভিযোগ রয়েছে।