হোম > জাতীয়

সেপ্টেম্বরে হামলা-হুমকির শিকার ৭০ সংবাদকর্মী

বিএজের প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

গত সেপ্টেম্বর মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে অন্তত ৭০ জন সংবাদকর্মী শারীরিক হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার হয়েছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের (বিএজে) সেপ্টেম্বর ২০২৬-এর পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিচারহীনতার সংস্কৃতি ও আইনের শাসনের ঘাটতির কারণে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

শুক্রবার সংগঠনটির গবেষণা ও মনিটরিং সেলের সম্পাদক মাহমুদুল হাছান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএজের প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত সংবাদকর্মীদের মধ্যে ৪০ জন শারীরিক হামলা ও আঘাতের শিকার হয়েছেন। এছাড়া আটজন আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন এবং ২২ জন সরাসরি হুমকি, হেনস্তা ও বাধার শিকার হয়েছেন।

প্রতিবেদনে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, কক্সবাজারে এক সাংবাদিকের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় একটি কিশোর গ্যাং। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গ্যাংয়ের সদস্যরা ধারালো কিরিচ ও হাতুড়ি নিয়ে হামলা চালায়। এ সময় সাংবাদিকের মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ছোট ভাইকে কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত করা হয়।

চাঁদপুরের কচুয়ায় এক যুবকের বিরুদ্ধে তার ভাতিজিকে ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে পথরোধ করে হামলা করা হয়। এ সময় তার সঙ্গে থাকা শিশুকন্যাকেও মারধর করে আহত করা হয়।

ঢাকার পল্লবীতে ‘আশিক গ্রুপ’-এর চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রচার করায় রাত ২টার দিকে মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় হামলা ও গুলি করে। অন্যদিকে, ঢাকার মিরপুরে অবৈধ হকার উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গেলে উচ্ছৃঙ্খল হকাররা বিভিন্ন গণমাধ্যমের অন্তত ছয় সাংবাদিককে ঘেরাও, ধাওয়া ও মারধর করে। এ সময় ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা এবং টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

বিএজের গবেষণা ও মনিটরিং সেলের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের ওপর চলমান হামলা, বাধা ও আইনি হয়রানির জন্য আইনের শাসনের ঘাটতি এবং বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী মনে করে সংগঠনটি। এসব ঘটনা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি।

সংগঠনটি বলেছে, রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে বা পেশিশক্তি ব্যবহার করে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। বিএজে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

এমই

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান বিডিপির

চলতি অর্থবছরে কতজন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানী দেবে সরকার, জানালেন ধর্মমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা স্পিকারের

প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণে সরকারের পরিকল্পনা কী, জানালেন ধর্মমন্ত্রী

ড. ওসমান ফারুকের পদত্যাগে সামনে কী হবে কিশোরগঞ্জ-৩ আসনে

বর্তমান রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু নয়, গুপ্ত শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

যে কারণে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ