হোম > জাতীয়

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

স্টাফ রিপোর্টার

ভাদ্রের মাঝামাঝিতে বৃষ্টিপাতের প্রবণতা কমে সারাদেশে তীব্র গরম ছড়িয়েছে। আগের কয়েকদিনের তুলনায় গত বুধবার থেকে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও আবহাওয়া দপ্তর তা ঘোষণা করছে না। বৃষ্টিপাতের প্রবণতা কমে বৃহস্পতিবারও সারাদেশে তাপমাত্রা বেড়েছে। এতে সারাদেশে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । যা আগের দিন ছিল রাজশাহী, চুয়াডাঙ্গা ও যশোরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশের ন্যায় পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীর তাপমাত্রাও। বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; যা বুধবার ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি।

আবহাওয়া দপ্তরের ভাষায়, দেশের একাধিক জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের কম হলে সেটিকে ‘মৃদু তাপপ্রবাহ’ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির তাপমাত্রাকে বলা হয় ‘মাঝারি’ এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির তাপমাত্রাকে ‘তীব্র তাপপ্রবাহ’ বলা হয়। তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে সেটিকে ধরা হয় ‘অতি তীব্র তাপপ্রবাহ’। এদিক থেকে গত দুইদিন ধরে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও আবহাওয়া দপ্তর তাদের রিপোর্টিংয়ে তা উল্লেখ করছে না।

এ বিষয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলছেন, এটা খুবই সাময়িক পরিস্থিতি, শুক্রবার থেকেই তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে; তাই তাপপ্রবাহ উল্লেখ করা হচ্ছে না। আগামী ১ সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; তাতে আগামী রোববার থেকেই সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ইতোমধ্যে লঘুচাপটি সাগরে সৃষ্টি হলেও তা ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও উল্লেখ করেন।

এদিকে বৃহস্পতিবার মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও শুক্রবার তা কিছুটা প্রশমিত হতে পারে। তবে আগামীকাল শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কমে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে দেশজুড়ে ভ্যাপসা গরম আরও তীব্র হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় দেশের অধিকাংশ এলাকাজুড়ে বৃষ্টি হয়নি। দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা সিলেটেও তেমন বৃষ্টি নেই। এ দিন সকাল ছয়টার পর থেকে রাজধানীতেও কোনো বৃষ্টি হয়নি। যদিও সকাল ছয়টার আগের ২৪ ঘন্টায় টেকনাফে সর্বোচ্চ ৩৯ এবং রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

তাপপ্রবাহের সঙ্গে বাতাসে বেশি আর্দ্রতার কারণে সারা দেশে অসহনীয় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় গরমে ছটফট করছে সারাদেশের মানুষ। আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানানো হয়েছিল এবার বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে। আর এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তাপমাত্রার চেয়েও ২-৩ ডিগ্রি বেশি গরম অনুভুত হয়ে থাকে বলে উল্লেখ করেন আবহাওয়াবিদরা।

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী