হোম > জাতীয়

মিয়ানমার উপকূলে গভীর নিম্নচাপ, রাজধানীসহ দেশজুড়ে ভ্যাপসা গরম

স্টাফ রিপোর্টার

বৃষ্টি কমতেই অস্বস্তিকর গরম। ছবি: সংগৃহীত

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সিস্টেমটি দ্রুত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাতের মধ্যেই মিয়ানমারের স্থলভাগে উঠে যেতে পারে। ফলে এর সরাসরি প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা কম। তবে এর প্রভাবে চট্টগ্রামসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে বৃষ্টির পরিমাণ কম থাকায় সারা দেশে ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় প্রথমে সৃষ্টি হওয়া লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। পরে এটি ঘনীভূত হয়ে সোমবার সকাল ৬টায় নিম্নচাপ এবং দুপুরে গভীর নিম্নচাপে রূপ নেয়। বর্তমানে এটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করছে। বিএমডির ওয়েবসাইটেও বর্তমানে ওই এলাকায় গভীর নিম্নচাপের কথা উল্লেখ করে সমুদ্রবন্দরগুলোকে দূরবর্তী সতর্কসংকেত নম্বর ১ দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, লঘুচাপটি দ্রুত উপকূলের দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি রাতের মধ্যেই মিয়ানমারের স্থলভাগে উঠে যেতে পারে। ফলে বাংলাদেশের ওপর এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই। সাগরের উপরিভাগের তাপমাত্রা বেশি থাকলেও সিস্টেমটি দ্রুত উপকূলের দিকে ধাবিত হওয়ায় পর্যাপ্ত শক্তি সঞ্চয়ের সুযোগ পাচ্ছে না এবং ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে সোমবার দেশের কোথাও বৃষ্টির দেখা মেলেনি। ফলে দেশজুড়ে তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরমের অনুভূতি বেড়েছে। বিএমডির হিসাবে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সারা দেশের সর্বোচ্চ সিলেটে ৩৭ দশমিক ৬ এবং রাজধানীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে বিচ্ছিন্ন বৃষ্টি হলেও দেশের বড় অংশে গরম ও ভ্যাপসা আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। অন্যদিকে মিয়ানমারের দিকে অগ্রসর হওয়া গভীর নিম্নচাপটির কারণে দেশটির চট্টগ্রাম ও সিলেটসহ উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

পুরাতন বাণিজ্যমেলা মাঠে বিপুল পরিমাণ ককটেল, ঘিরে রেখেছে এসআরবি

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের

চ্যালেঞ্জ মোকাবিলায় ইএমই কোরকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

শিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাণিজ্য-বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক

সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু: প্রতিমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

মানবপাচার ও জোরপূর্বক শ্রম রোধে আইনি কাঠামো আরো শক্তিশালী করার তাগিদ আইনমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ