হোম > জাতীয়

হেমন্তের শুরুতে উত্তরে হালকা শীতের পরশ

স্টাফ রিপোর্টার

দেশজুড়ে রোববার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে দেশের উত্তরের জেলাগুলোতে রাত ও ভোরে হালকা শীতের অনুভূতি দেখা যাচ্ছে। আগামী পাঁচ দিনেও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী সোমবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে সোমবার ও মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবারও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) দক্ষিণ এশিয়ার মৌসুমি পূর্বাভাসেও অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে এ অঞ্চলের অধিকাংশ স্থানে স্বাভাবিক থেকে বেশি তাপমাত্রার সম্ভাবনার কথা বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আমার দেশকে বলেন, হেমন্তের শুরুতে দেশের উত্তরাঞ্চলে রাত ও ভোরের দিকে হালকা শীত অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে এই অনুভূতি আরও বাড়তে পারে। তবে এল নিনোর প্রভাবে এবার শীত মৌসুমে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, এবার এল নিনো সক্রিয় থাকায় শীতকালে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি তাপমাত্রা থাকতে পারে। বলা যায়, এবার শীতকাল তুলনামূলক উষ্ণ হতে পারে। অন্যান্য বছরে শীতকালে যেখানে তাপমাত্রা ১১ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস থাকে, সেখানে এবার ১৪ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বর্ষা-পরবর্তী সময়ে বৃষ্টিপাত কমে আসা এবং রাতের তাপমাত্রা হ্রাসের কারণে উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। তবে এখনই শীতের তীব্রতা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সময় হয়নি। আগামী কয়েক দিনের তাপমাত্রা ও আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করে শীতের পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম

হারামাইন শরিফাইনের নিরাপত্তায় মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি

সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন

আমরা সবাই ঐক্যবদ্ধ, সমাজে বিভ্রান্তি ছড়ায় এমন বক্তব্য দেবেন না: মুহিউদ্দীন রব্বানী

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী

ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী