বাংলাদেশ বিমান বাহিনীর এফএম-৯০ ক্ষেপণাস্ত্রের লাইভ ফায়ারিং মহড়া মঙ্গলবার কক্সবাজারের নিদানিয়ায় অবস্থিত কক্সবাজার এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে (সিএডিএফআর) সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমান বাহিনীর ৩০১ স্যাম ইউনিট পরিচালিত এ মহড়া পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তিনি মহড়ার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন।
তিনি মহড়া সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্যদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই পেশাদারিত্ব ধরে রাখার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময়, বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জামাদি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন। পাশাপাশি, তিনি বিমান বাহিনীর সদস্যদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, মহড়া পরিদর্শনকালে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, ১০ পদাতিক ডিভিশনের জিওসি, নৌবাহিনী, বিজিবি, পুলিশসহ বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঘাঁটির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।