বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের নিয়োগে সরকারের নির্বাহী আদেশ দ্রুত কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগপ্রত্যাশীরা।
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘১ম–১২তম (এনটিআরসিএ) নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতি’র ব্যানারে এ কর্মসূচি চলছে। এ সময় প্রেস ক্লাবের ভেতরে সংবাদ সম্মেলন এবং বাইরে অবস্থান কর্মসূচিতে বিপুলসংখ্যক নিয়োগপ্রত্যাশী শিক্ষক অংশ নেন।
সংবাদ সম্মেলনে বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। তাদের প্রধান দাবি, গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ দ্রুত কার্যকর করতে হবে।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা নিয়োগের দাবিতে বিভিন্নভাবে আন্দোলন ও দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো তাদের দাবির কার্যকর বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের দাবি ও সমস্যার বিষয়গুলো তুলে ধরতে চান।
তাদের মতে, দাবিগুলো যৌক্তিক এবং দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এএম