এবারের ঈদুল আজহার পশুর হাটে সবচেয়ে আলোচিত নাম ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। ভিন্ন আকৃতি ও নামের বিশেষত্বের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও আলোচনার কেন্দ্রে উঠে আসে অ্যালবিনো মহিষটি। তবে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় হস্তক্ষেপে মহিষটিকে স্থান দেওয়া হয়েছে মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। কিন্তু এর মধ্যে ঘটে গেছে একের পর এক ঘটনা।
ঈদুল আজহা উপলক্ষে দেশের কোরবানির পশুর হাটে ক্রেতাদের আকর্ষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তৈরি করতে খামারিরা প্রায়ই তাদের বড় আকৃতির ও বাহারি পশুর বিভিন্ন ‘ভাইরাল’ নাম দিয়ে থাকেন। এর আগেও বিশ্বের তারকা ফুটবলার, বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক-ভিলেন, টিকটক ও ফেসবুকের আলোচিত ব্যক্তি কিংবা দেশি-বিদেশি সিনেমার নামেও কোরবানির পশুর নামকরণ করা হয়েছে।
এদের মধ্যে উল্লেখযোগ্য হলো—‘বাহুবলী’, ‘তুফান’, ‘শাকিব খান’, ‘জায়েদ খান’, ‘মিশা সওদাগর’, ‘ডিপজল’, ‘মেসি’, ‘রোনালদো’, ‘নেইমার’, ‘প্রিন্স মামুন’, ‘হিরো আলম’, ‘বাহাদুর’, ‘খান বাহাদুর’, ‘কালা পাহাড়’ ও ‘ধলু রাজ’। এবারের ঈদুল আজহার হাটেও দুটি মহিষ আলোচনায় আসে। খামারিরা যার মধ্যে একটির নাম দিয়েছেন ‘ডোনাল্ড ট্রাম্প’ ও অন্যটি ‘বেনিয়ামিন নেতানিয়াহু’। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো মহিষটি।
অ্যালবিনো জাতের মহিষের বিশেষত্ব
অ্যালবিনো আলাদা কোনো প্রজাতির মহিষ নয়। মূলত ‘অ্যালবিনিজম’ নামক একটি জিনগত ত্রুটি বা বৈশিষ্ট্যের কারণে এই জাতীয় প্রাণীর শরীরে মেলানিন তৈরি হয় না বা একেবারেই কম তৈরি হয়। মেলানিন শরীরের ত্বক, চুল ও চোখের রঙ নির্ধারণ করে। মেলানিনের অভাবে এই মহিষগুলোর গায়ের রঙ কুচকুচে কালো হওয়ার পরিবর্তে হালকা গোলাপি, সাদা বা ধূসর রঙের হয়ে থাকে। এমনকি এদের চোখের মণি এবং শরীরের লোম বা চুলও সাধারণত সাদা বা হালকা রঙের হয়ে থাকে।
‘ডোনাল্ড ট্রাম্প’ হয়ে ওঠার গল্প
ঈদকে ঘিরে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ দর্শনার্থীদের মূল আকর্ষণে পরিণত হয়ে ওঠে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো মহিষটি। এটির গায়ের রঙ গোলাপি।
খামারের রাখালরা জানান, মহিষটির মাথার চুলের বিশেষ স্টাইল দেখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পান তারা। এরপরই এটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত নামের জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই বিরল মহিষটি। তবে, ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনে নেন রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির।
এরপর মহিষটিকে দেখতে শুধু শিশু-কিশোররাই নয়, নারীরাও এসেছিলেন। বরিশাল, কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও এসেছিলেন অনেকে। তবে আগেই বিক্রি হয়ে যাওয়ায় হতাশা ব্যক্ত করেন আগ্রহী ক্রেতাদের কেউ কেউ।
অবশেষে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’
চার বছর বয়সি মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ব্যাপক আগ্রহ এবং নিরাপত্তাজনিত কারণে কোরবানির আগমুহূর্তে সরকারের উচ্চপর্যায় থেকে মহিষটি নিয়ে নির্দেশনা আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ নির্দেশনায় পুলিশ কেরানীগঞ্জের ক্রেতা সামিরের কাছ থেকে মহিষটিকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় ক্রেতার টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও জানানো হয়। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুরোধে মহিষটিকে আজীবন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় মহিষটিকে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী, এটিকে প্রথমে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে রাখা হবে।
এদিকে জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি আনা বিশেষ বৈশিষ্ট্যের ডোনাল্ড ট্রাম্প নামের অ্যালবিনো মহিষটি দেখতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। মহিষটিকে রাখা চিড়িয়াখানার এল-০৭ নম্বর খাঁচার সামনে দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড় দেখা যাচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন দর্শনার্থীর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ঈদের দ্বিতীয় দিন থেকে ডোনান্ড ট্রাম্পকে দেখতে আগ্রহী মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে জাতীয় চিড়িয়াখানার অন্যান্য প্রাণীর খাঁচার তুলনায় মহিষটির খাঁচার সামনে অধিক ভিড় লক্ষ করা যাচ্ছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, মহিষটি গত বুধবার রাতে এখানে আনা হয়েছে। পরদিন সকাল থেকেই এটিকে দেখতে দর্শনার্থীদের আগ্রহ বাড়তে শুরু করে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও আলোচিত মহিষটি বর্তমানে জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। এর ফলে প্রতিদিনই দর্শনার্থীদের উপস্থিতি বাড়ার পাশাপাশি চিড়িয়াখানার পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে উঠছে।
বিশ্ব গণমাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’
অনন্য বৈশিষ্ট্য ও নামের কারণে আন্তর্জাতিক
গণমাধ্যমেও বেশ আলোড়ন তুলেছে আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প ও এটির কোরবানি থেকে বেঁচে যাওয়ার বিষয়টি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, “ভাইরাল খ্যাতির সুবাদে বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।” ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ লিখেছে, বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রক্ষা পেল ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে হস্তক্ষেপ করলেন সরকারি কর্মকর্তারা। আর নিউ ইয়র্ক পোস্টে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ভাইরাল অ্যালবিনো মহিষ বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেয়েছে।