গায়ক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার কারণ উদ্ঘটন এবং কোনো সমীকরণে মিল খুঁজে পাচ্ছে না পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা। মামলাটি পুলিশসহ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নও (এসআরবি) ছায়া তদন্ত করছে।
কিন্তু তার গাড়ি লক্ষ্য করে কেন দুর্বৃত্তরা গুলি করেছে তার কোনো ক্লু ঘটনার ১৬ দিনেও খুঁজে বের করতে পারেনি। যে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলিবর্ষণ করা হয়েছে, সেটিও চিহ্নিত করতে পারেনি থানার পুলিশ ও ডিবি। এতে গোটা মামলা তদন্ত ঘোরের মধ্যে রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সূত্রে জানা গেছে, রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের দোকান নিয়ে একাধিক পক্ষের দ্বন্দ্ব রয়েছে। ওই কারণেই দুর্বৃত্তরা সেখানে গুলি করেছে। সেই গুলির লক্ষ্যবস্তু আসিফের গাড়ি কি না সেটিও তারা তদন্ত করে দেখছেন। ইতোমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে মামলাটি হস্তান্তর করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, তারা ঘটনার রহস্য উদঘাটনের কাজ করছেন। পাশাপাশি গুলিবর্ষণকারীকে চিহ্নিত করতে কাজ করছেন।
গায়ক আসিফ আকবরের২৪ অক্টোবর ভোরে বিশাল সেন্টারের সামনে গায়ক আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। ভবনটির তৃতীয় তলায় তার স্টুডিও রয়েছে। অন্যদিনের মতো সেদিন রাত ৮টার দিকে ওই স্টুডিওতে যান তিনি। স্টুডিওতে আসিফ, তার ছেলেসহ কয়েকজন ছিলেন। আর নিচে ছিলেন তার গাড়িচালক। ভোরে গুলির শব্দ শুনতে পেয়ে বিশাল সেন্টারের নিরাপত্তাকর্মীরা ছুটে এসে দেখেন, পার্ক করা আসিফের গাড়ির চালকের আসনের ঠিক পেছনের কাচে গুলি করা হয়েছে। পরে গাড়িচালকও সেখানে যান। তারা বিষয়টি আসিফকে জানালে তিনি নিচে নেমে গাড়িতে গুলি করা হয়েছে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে। এ বিষয়ে পুলিশের তেজগাঁও অঞ্চলের উপপুলিশ কমিশনার মিজানুর রহমান গতকাল সোমবার রাতে আমার দেশকে বলেন, গুলির ঘটনায় গায়ক আসিফ বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেছিলেন। মামলাটি এখন ডিবি তদন্ত করছে।
এদিকে, মামলার অগ্রগতির বিষয়টি জানতে আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার পর পুলিশ বিশাল সেন্টারের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এতে দেখা যায়, একটি অটোরিকশায় করে এসে দুর্বৃত্তরা গাড়িতে গুলি করে চলে গেছে। গুলিতে গাড়ির গ্লাস ভেঙে গেছে। যেখানে হামলাকারীর শুধু পা দেখা গেছে।
এই ফুটেজের সূত্র ধরে হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ওই অটোরিকশায় নম্বর প্লেট কিছুটা আবছা দেখা গেছে। এতে অটোরিকশাটিকে চিহ্নিত করতে পুলিশের বেগ পেতে হচ্ছে।
সূত্র জানায়, এ বিষয়ে আসিফকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তিনি পুলিশকে জানিয়েছেন তার সঙ্গে কারো বিরোধ বা শত্রুতা নেই। কেন তাকে গুলি করা হয়েছে সেই বিষয়টি নিয়ে নিজেও ধোঁয়াশার মধ্যে আছেন।
সূত্র জানায়, বিশাল সেন্টারে একাধিক দোকান নিয়ে ঝামেলা আছে বলে পুলিশের কাছে তথ্য এসেছে। সেই বিষয়টি কেন্দ্র করে সেখানে গুলির ঘটনা ঘটেছে কি না সেটিও খতিয়ে দেখছে পুলিশ।