নিম্নচাপের প্রভাব
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয়সহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিম্নচাপটি শক্তিশালী অবস্থায় থাকায় সমুদ্রবন্দরগুলোতে আগের মতোই ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ রাখা হয়েছে।
আজ দুপুর ১২টায় আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়, ওড়িশা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে বারবার ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীসহ নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে সোমবার থেকে ৪৮ ঘণ্টায় দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস অব্যাহত রয়েছে। নিম্নচাপের প্রভাবে শুধু উপকূলীয় অঞ্চল নয়, বরং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। কোথাও কোথাও অতিভারি বৃষ্টিপাতের কারণে জনজীবন কিছুটা বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির উন্নতি বা অবনতি সাপেক্ষে পরবর্তী আপডেট নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জনসাধারণকে ভারি বৃষ্টিপাতের সময় বজ্রপাত ও জলাবদ্ধতা থেকে সতর্ক থাকতে এবং হালনাগাদ আবহাওয়া সংবাদের ওপর নজর রাখার অনুরোধ করা হয়েছে।
এদিকে আজ সকাল ৬টায় সংস্থাটির দেওয়া আগের ২৪ ঘণ্টার তথ্য পর্যালোচনায় দেখা যায়, দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টি হলেও চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বেশি হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ২৮৩, কক্সবাজারের কুতুবদিয়ায় ১৯৫, সন্দ্বীপে ১৬৭, বান্দরবানে ১২৮, চট্টগ্রামের আমবাগানে ১৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সকাল থেকে রাজধানীতে বৃষ্টি ঝরছে। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।
এমবি