সারা দেশে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট থেকে ৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আখতারুল ইসলাম আমার দেশকে নিশ্চিত করেছেন।
বিআরটিএ : সিএনজি/পেট্রোলচালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার অটোরিক্সা প্রতিস্থাপনের নিমিত্ত স্ক্র্যাপ সংক্রান্ত কার্যক্রমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) -এর কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী কর্তৃক ঘুস দাবি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম বিআরটিএ মেট্রো সার্কেল-০৪, পূর্বাচলে উপস্থিত হলে স্ক্র্যাপ কার্যক্রম চলমান রয়েছে দেখেছেন। টিম প্রথমে উপস্থিত স্ক্র্যাপ সংশ্লিষ্ট যানের মালিকদের নিকট হতে গোপনে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে। স্ক্র্যাপের নিমিত্ত গঠিত কমিটি, বিআরটিএ -এর ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট যানবাহনের মালিকদের উপস্থিতিতে স্ক্র্যাপ কার্যক্রম চলমান রয়েছে মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়।
পাবনা: উপজেলা নির্বাচন অফিস, ঈশ্বরদী, পাবনা -এর কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সেবাপ্রার্থীর জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার জন্য ঘুস দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা হতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাচন অফিস, ঈশ্বরদী, পাবনা হতে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। দুদক কর্মকর্তা উপস্থিত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে তাদের বক্তব্য সংগ্রহসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়।
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে প্রকল্পের কাজ না করে প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্নসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাংগাইল থেকে মির্জাপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা হয় এবং প্রকল্প দুইটি সরেজমিনে পরিদর্শন করা হয়।
জামালপুর: দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় হতে জামালপুর, শেরপুর, ময়মনসিংহে বিভিন্ন রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে শেরপুর-ময়মনসিংহ নির্মাণাধীন রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকালে রাস্তার নির্মাণ কাজ চলমান রয়েছে। রাস্তা নির্মাণকাজে ব্যবহৃত কিছু ইট ও পাথর পরীক্ষার উদ্দেশ্যে স্যাম্পল হিসেবে সংগ্রহ করা হয়। পরবর্তীতে টিম শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেন এবং প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন।