অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের আস্তে আস্তে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার বেলা ১১টার দিকে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার বিতর্কিত ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। চেষ্টা চলছে। প্রতিদিন ২/১ জন করে ধরা পড়ছেন। যেমন আজকে মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতোদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।
তিনি বলেন, বিতর্কিত পুলিশের তালিকা গণমাধ্যমে আছে। তালিকাটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।